এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন ইয়ামি গৌতম। ক্যারিয়ারের এ যাত্রায় বিভিন্ন সময়ে নানা উপদেশ পেয়েছেন। পরামর্শ দিয়েছেন অনেকেই। তেমনই একটি উপদেশ না শুনে বেশ খুশি ইয়ামি গৌতম। তার নাকের আকার ঠিক করার জন্য তাকে ছুরির নিচে যাওয়ার উপদেশ দেয়া হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। ইয়ামি বলেন, ‘আমাকে নাকে অস্ত্রোপচার করানোর উপদেশ দেয়া হয়েছিল। চারপাশে অনেক উপদেশ ঘুরে বেড়ায়। এটি তার মধ্যে একটি।’

তবে নাক নিয়ে বিড়ম্বনায় ইয়ামি গৌতম একাই পড়েননি। অভিনেতা সানি কৌশলও এমন বিড়ম্বনার শিকার হয়েছিলেন। তাকেও নাকে অস্ত্রোপচার করার উপদেশ দেয়া হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমার নাক পকোড়ার মতো। একজন আমাকে এ নাক নিয়ে কিছু করতে বলেছিল। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছিলাম।’

সৌন্দর্যের মাপকাঠি নিয়ে লোকেদের আসক্তি ইয়ামি গৌতমকে বিস্মিত করে। কারো চেহারা পরিবর্তন করার জন্য উপদেশ দেয়ার ঘৃণ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘অন্যের চেহারা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন? অনেক নারী এটিকে গুরুত্বের সঙ্গে নেন। আমার খারাপ লাগে। কারণ প্রতিদিন আপনাকে কাজের ক্ষেত্রে নিজের চেহারা নিয়ে মাথা ঘামাতে হয়। যদি কখনো খারাপ কিছু হয়, তাহলে সব দোষ চেহারার ওপর গিয়ে পড়ে।’

তবে শরীর বা চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য অস্ত্রোপচারের বিরোধীও নন ইয়ামি গৌতম। তবে এটি একান্তই ব্যক্তিগত অভিরুচির বিষয়। এ নিয়ে কাউকে উপদেশ দেয়াকে অশোভন মনে করেন তিনি। তিনি বলেন, ‘এটি ব্যক্তির নিজস্ব পছন্দ বলে আমি মনে করি। কারো ব্যাপারে মন্তব্য করার আমি কে! আমার মনে হয়, এটি ঠিক নয়। যদি আপনি কিছু করতে চান, তবে তা একান্তই আপনার সিদ্ধান্ত। সে বিষয়ে অন্য কারো থেকে উপদেশ আসাটা সমীচীন নয়। অনেকেই বলেন, তুমি এ কাজটি করো। এতে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। তুমি আরো বেশি সিনেমায় কাজ পাবে। এসব বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

২০২২ সালে ইয়ামি গৌতম অভিনীত দশভী ও অ্যা থার্সডে সিনেমা দুটি জনপ্রিয়তা পেয়েছিল। জি ফাইভের থ্রিলার লস্ট দিয়ে তিনি ২০২৩ সাল শুরু করেছিলেন। বর্তমানে নেটফ্লিক্সের থ্রিলার ‘চোর নিকাল কে ভাগা’ দিয়ে তিনি আলোচনায় আছেন।  

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস