ক্যারিয়ারের শুরুতে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। এরপর ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরণ রাওয়ের সঙ্গে সংসার করেন মিস্টার পারফেকশনিস্ট। সম্পর্কের এমন নাটকীয়তার ভেতরও আমির, রীনা ও কিরণ- তিনজন বন্ধুত্ব রক্ষা করে চলেন। নিজেদের এক পরিবার বলে উল্লেখ করেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক পাবলিক ইভেন্টে একসঙ্গে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী। সঙ্গে ছিলেন আমির খান ও বড় ছেলে জুনায়েদ খান।

মুম্বাইয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। সেখানে পাপারাজ্জির ক্যামেরায়ও ধরা পড়েন। অবশ্য এক ইনস্টাগ্রাম ক্লিপে তিনজনকে ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে দেখা যায়। এক ছবিতে দেখা যায় রিনা ও কিরণকে। অন্য এক ছবিতে আমিরের সঙ্গে ছিলেন ছেলে জুনায়েদ।

এছাড়া ভিডিওতে দেখা যায়, কিরণ ও রিনা একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছেন। মাঝে মাঝে হাসাহাসি করছিলেন।

অনুষ্ঠানে কিরণের পরনে ছিল সবুজ রঙের পোশাক, যার ওপর চাপিয়েছেন একটি নীল রঙের শার্ট। আমিরের গায়ে ছিল কালো রঙের টি-শার্ট। রিনার পরনে ছিল ডোরাকাটা লম্বা জামা।

বাবা আমির খান ও মা রিনার সঙ্গে ক্যামেরার জন্য পোজ দেন ছেলে জুনায়েদ। এ স্টার কিডস শিগগিরই বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন।

কয়েক বছর আগে করন জোহরের চ্যাট শো ‘কফি ওইথ করন’-এ আমির বলেছিলেন, রিনা ও কিরণ দুজনকেই সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান দেই। আমরা সবসময় পরিবারই থাকব। আমরা সপ্তাহে একদিন একত্রিত হই। পরস্পরের প্রতি আমাদের কৃত্রিম যত্ন, ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।

‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর বর্তমানে লম্বা বিরতিতে আছেন আমির খান। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এ তারকা।