কেরালা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা টোভিনো থমাস। ৫ মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’। ২০১৮ সালে কেরালায় সংঘটিত প্রলয়ংকরী বন্যা ও বন্যাকবলিত মানুষের টিকে থাকার সংগ্রাম সিনেমাটিতে উপস্থাপন হয়েছে। আক্ষরিক অর্থেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। কেরালা ইন্ডাস্ট্রির সিনেমাগুলো নিয়ে তার মূল্যায়ন আলাদা গুরুত্ব বহন করে। ২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো সিনেমা মুক্তির একই দিনে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। একই ইন্ডাস্ট্রির এ সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাড়া তুলেছে। তবে সিনেমাটি নিয়ে মন্তব্য করতে কিছুটা সময় নিয়েছেন টোভিনো। অবশেষে সম্প্রতি ‌এ নিয়ে মুখ খুলেছেন তিনি। 

দ্য কেরালা স্টোরি সম্পর্কে এক সাক্ষাৎকারে টোভিনো থমাস বলেন, ‘আমি সিনেমাটি দেখিনি, এর ট্রেলার দেখেছি। দু-একটি ধর্মান্তরকরণের ঘটনা হয়ে থাকে। আমি তা কখনই অস্বীকার করি না। এগুলো হয়েছে। কিন্তু একজন সাংবাদিক বিশ্লেষণ করে দেখিয়েছেন, ধর্মান্তরকরণের সংখ্যা এ সিনেমায় অনেক বাড়িয়ে দেখানো হয়েছে।’

দ্য কেরালা স্টোরি সিনেমায় দাবি করা ধর্মান্তরকরণের সংখ্যাকে বাড়িয়ে দেখানো নিয়ে টোভিনোর আপত্তি আছে। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যখন আপনি বাস্তবতাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, তখন সেটি ফিকশনে পরিণত হয়। সেক্ষেত্রে দ্য কেরালা স্টোরির পরিবর্তে সিনেমাটির নাম দেয়া উচিত ছিল দ্য ফিকশনাল কেরালা স্টোরি।’ 

তাহলে সিনেমায় কী অতিরঞ্জন থাকবে না? এমন প্রশ্নের উত্তরে টোভিনো বলেন, ‘সিনেমায় অতিরঞ্জন থাকবে। এ ব্যাপারে আমি একমত। কিন্তু তাই বলে আপনি ৩০-কে ৩০ হাজার দেখাতে পারেন না। আমি কোনো রাজনৈতিক দল বা আদর্শকে সমর্থন করি না। আমি মানবতায় বিশ্বাস করি। আমরা ২০২৩ সালে বাস করছি। সত্যিকার অর্থে আমি চাই, সিনেমায় যা দেখানো হয় তাই যেন মানুষ বিশ্বাস না করেন। তাদের যা বলা হচ্ছে, সেগুলো নিয়ে তারা যেন চিন্তা করে।’

তবে কোনো ধরনের সিনেমা নিয়ে তার আপত্তি নেই বলে জানান টোভিনো থমাস। তিনি বলেন, ‘কোনো সিনেমা নিয়েই আমার আপত্তি নেই। কিন্তু আমি মনে করি না যে, সিনেমায় যা দেখানো হয়, তার সবই দর্শককে বিশ্বাস করতে হবে। বুদ্ধ একবার বলেছিলেন, “তুমি অনেক কিছু পড়বে। অনেক কিছু শুনবে। এমনকি আমিও অনেক কথা বলি। কিন্তু, কখনো অন্ধভাবে বিশ্বাস করবে না। প্রতিটি বিষয় নিয়ে নিজে চিন্তা করবে’’।’

সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া