চলতি বছরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন টলিপাড়ার অভিনেতা দেব। আগামী মাসেই মুক্তি পাবে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। আসছে পূজায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’। এছাড়া বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। ব্যোমকেশ ও বাঘা যতীন সিনেমায় দেবকে নিয়ে দর্শক দুই দলে বিভক্ত হয়ে গেছে। ব্যোমকেশ ভক্তরা দেবকে এ বেশে মেনে নিতে পারছে না। অন্যদিকে বাঘা যতীন সিনেমায় দেবের লুক নিয়েও রয়েছে দর্শকের নেতিবাচক মনোভাব।
এর মধ্যেই নতুন একটি ছবির পরিকল্পনা শুরু করেছেন দেব। সত্যজিৎ রায় পরিচালিত ও উত্তমকুমার অভিনীত সিনেমা নায়ক অবলম্বনে একটি সিনেমার পরিকল্পনা করছেন দেব। এর মুখ্য চরিত্রেও তিনি থাকছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সিনেমাটি রামকমল মুখোপাধ্যায় পরিচালনা করবেন। নায়ক সিনেমাটির ট্রিবিউট করার পরিকল্পনা পরিচালকের। এরই মধ্যে সত্যজিৎপুত্র সন্দীপ রায়ের সঙ্গে সিনেমাটি নিয়ে তার কথা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। ভারতীয় সংবাদমাধ্যমে রামকমল বলেন, ‘এখনো বিনোদিনীর কাজই শেষ হয়নি। এর আগে নতুন সিনেমা নিয়ে কিছু বলতে চাইছি না।’ তবে নতুন সিনেমা নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন নির্মাতা। এখন দেখার পালা নায়ক সিনেমাটি নিয়ে রামকমলের ভাবনা কী!
সত্যজিৎ রায়ের সিনেমা নায়ক মুক্তি পায় ১৯৬৬। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমাটির মাধ্যমে সত্যজিৎ রায় ও নায়ককে শ্রদ্ধা জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়।










