দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি তিনি তার নতুন গানের কাজ শেষ করেছেন। এবারে তিনি গান গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপের সঙ্গে। গানের টাইটেল ‘যখন আকাশ কাঁদে’। বাকীউল আলমের লেখা একটি গানে এবারই প্রথম একসঙ্গে গান গাইলেন তারা। আসিফ আকবরেরই প্রিয় সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে ও সুরেই গানটি হয়েছে। গানটির সংগীত করেছেন শোভন রায়। আসিফ জানান, গানটির রেকর্ডিংয়ের সময় প্রিয়াংকার সঙ্গে তার দেখা হয়নি। কিন্তু ইয়ামিন ইলানের নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় অবশেষে দুজনের দেখা হয়েছে এরই মধ্যে।
আসিফ আকবর গানটি প্রসঙ্গে বলেন, ‘প্রিয়াংকা গোপ একজন অসামান্য শিল্পী, মানুষ হিসেবে একেবারে ডাউন টু আর্থ। উইকিপিডিয়ায় ঢুকে তার প্রোফাইল দেখে রীতিমতো রেসপেক্ট জেগেছে আমার। একই শহরে থাকলেও ব্যাটে-বলে মেলেনি, দেখাই হয়নি কোনোদিন। একটু ভারি মেলোডি আধুনিক গানের জন্য তিনিই এখন আমার সেরা পছন্দ, একসঙ্গে আরো কাজ হবে। আশা করছি, ভালো একটা জুটি গড়ে তুলতে পারব আমরা।’ গানটি নিয়ে প্রিয়াংকা গোপ বলেন, ‘আসিফ ভাই বাংলা গানের সুপারস্টার। কিন্তু তিনি এত অমায়িক, বিনয়ী ও স্পষ্টবাদী, আমার কাছে ভালো লেগেছে মানুষ আসিফ আকবরকে। যা-ই হোক, অনেক প্রতীক্ষার পর আমাদের দুজনের গান হলো। গানটির অসাধারণ সুর করেছেন টুটুল ভাই। তিনি এ গানে আসিফ ভাইকে ভাঙার চেষ্টা করেছেন। আমার ক্ষেত্রে হয় কী গান আমার নিজের ভালো লাগতে হয় এবং শ্রোতাদেরও যেন ভালো লাগে সেটি আমার মাথায় থাকে। গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আসিফ ভাইয়ের সঙ্গে গান গেয়ে এবং কথা বলে এত ভালো লেগেছে যে আমি আরো গান গাইতে চাই তার সঙ্গে।’
আসিফ জানান, গানটি দ্রুতই রিলিজ হবে তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, আগেই মুক্ত হয়েছে স্বাধীন অ্যাপে।










