বলিউডের জনপ্রিয় দম্পত্তি শাহরুখ খান ও গৌরী খান। তারা দুজন ক্যারিয়ার সাজিয়েছেন দুভাবে। শাহরুখ বলিউড নিয়ে ব্যস্ত থাকেন আর অন্দরসজ্জার ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন গৌরী। সোমবার ঘটা করেই গৌরী খানের লেখা প্রথম বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ প্রকাশের আয়োজন করা হয়। এতে গৌরীর সঙ্গে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ। গৌরীর বই প্রকাশনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন শাহরুখ খান। এ আয়োজনে স্ত্রীকে নিয়ে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, ‘এ বইয়ে কয়েকটি বিষয় রয়েছে, যা আমি উল্লেখ করতে চাই। আমি ও গৌরী দুজন দুজনকে লম্বা সময় ধরে চিনি। তখন আমার ১৮ ও গোরীর ১৪। যখন একে অন্যকে লম্বা সময় ধরে চিনি, তখন পরস্পরের কাজের প্রতি সম্মানটা হারিয়ে যেতে শুরু করে। এর কারণ একে অন্যকে তখন আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই। আমার দীর্ঘ ক্যারিয়ার, অন্যদিকে গৌরীর তার নিজের অবস্থান থেকে সেরাটা দেয়ার চেষ্টা। আমরা তিনজন বাচ্চা বড় করেছি। একজন তারকার স্ত্রী হয়েও গৌরী ঈশ্বরের আশীর্বাদে নিজের পরিচয়ে জনপ্রিয়।’
গৌরী খান কয়েক বছর ধরেই ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছেন। তার কাজের বিভিন্ন ছবি মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরিবার ও স্ত্রীর ব্যস্ততা সামলে গৌরী কীভাবে শুরু করলেন, এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমাদের পরিবারের সব সদস্যের ভেতরেই সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। এমনকি আমার ১০ বছরের ছেলের ভেতরও আমি তা দেখতে পাই। আমাদের পেইন্টস ও মিউজিক নিয়ে দুর্বলতা রয়েছে। আমাদের এ স্বভাবের পেছনে গৌরীর অবদান আছে।’
বইটি নিয়ে বলতে গিয়ে আবেগী সুরে কিং খান বলেন, ‘আমার বিশ্বাস এ বই তাদের জন্য, যারা জীবনের বিভিন্ন ব্যস্ততায় সৃজনশীলতাকে সময় দিতে পারেন না। যেকোনো বয়সেই আপনি শুরু করতে পারেন। ৪০ বছর বয়সে গৌরী এ কাজ শুরু করেছে। একটা ছোট ১০ ফুট বাই ২০ ফুটের দোকান শুরু করে ও। পুরোটাই নিজে করেছে ও এখনো তাই করছে।’
শাহরুখ তার বক্তব্য শেষে স্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমাদের পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য গৌরী। সারা দিন এত ব্যস্ত থেকেও ক্লান্ত না হওয়ার কারণ জানতে চাইলে গৌরী সবসময়ই বলেন, তার কাজ করতে ভালো লাগে। এটা তাকে মানসিক শান্তি দেয়। এটা তার জন্য ভালোবাসা। তোমাকে ধন্যবাদ গৌরী, আমাদের এ সাফল্যের মন্ত্র দেয়ার জন্য। আমি খুব খুশি এ বই প্রকাশের অনুষ্ঠানের অংশ হতে পেরে।’
গৌরীর লেখা বইটির বিষয় ইন্টেরিয়র ডিজাইন বা অন্দরসজ্জা। মান্নাতের ইন্টেরিয়র ডিজাইন ও পরিবারের সদস্যদের সঙ্গে তোলা নানা অদেখা ছবিও রয়েছে শাহরুখ পত্নীর বইতে। গৌরী খানের এ বইয়ের ভূমিকা লিখেছেন শাহরুখ খান নিজেই।
সূত্র: বলিউড হাঙ্গামা










