পরেশ রাওয়াল ‘হেরা ফেরি থ্রি’তে অভিনয় করছেন না। কোনো কারণ না দেখিয়েই সিনেমাটি ছেড়েছেন এ অভিনেতা। তিনি নিজেই গণমাধ্যমের কাছে এ কথা জানিয়েছিলেন। কিন্তু কোনো রকম ব্যাখ্যা দেননি। এছাড়া সিনেমা ছাড়ার কথা নির্মাতাদেরও বলেননি। ফলে নির্মাতারা তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন তারা। নতুন খবর হলো অগ্রিম নেয়া ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ রাওয়াল।
সিনেমাটিতে অভিনয় বাবদ শুরুতেই ১১ লাখ রুপি অগ্রিম নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তার মোট পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল ১৫ কোটি রুপি। সিনেমা মুক্তির এক মাস পর বাকি ১৪ কোটি ৮৯ লাখ রুপি তার পাওয়ার কথা। সিনেমার শুটিং আগামী বছর শুরু হওয়ার কথা। সে হিসাবে দুই বছর অপেক্ষা করতে হতো এ পারিশ্রমিকের জন্য। অনেকের ধারণা, সিনেমা থেকে সরে যাওয়ার এটাই কারণ।
পরেশ রাওয়াল সিনেমা থেকে সরে দাঁড়ালেন। কিন্তু চাইলেই তো এত সহজে সরা যায় না। মামলায় পড়েছেন তিনি। তবে তার আগে অগ্রিম ফেরত দিলেন অভিনেতা। ১১ লাখ রুপি তিনি ফেরত দিয়েছেন। সেই সঙ্গে ওই অর্থের ওপর আরো ১৫ শতাংশ জরিমানা দিয়েছেন। এখন দেখার বিষয়, নির্মাতারা মামলা নিয়ে কী করেন।
এদিকে পরেশ রাওয়াল অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন ‘ভূত বাংলা’ সিনেমায়। হেরা ফেরি থ্রিতে তার চরিত্রটি কে পাবে বা কে করবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এ চরিত্রের জন্য পঙ্কজ ত্রিপাঠিকে ভাবছেন অনেকে।
সূত্র: বলিউড হাঙ্গামা










