এমি অ্যাওয়ার্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ পুরুষ বিজয়ী হিসেবে নিজের নাম লিখিয়েছেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের প্রশংসিত ড্রামা সিরিজ ‘অ্যাডলেসেন্স’ এবারের এমি অ্যাওয়ার্ডে দাপট দেখিয়েছে।

সহপাঠীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক স্কুলছাত্রের চরিত্রে অভিনয়ের জন্য লিমিটেড সিরিজের সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ১৫ বছর বয়সী কুপার। চার পর্বের ড্রামাটি সেরা লিমিটেড সিরিজের পুরস্কারও পেয়েছে। পাশাপাশি সেরা পরিচালনা, সেরা চিত্রনাট্যও জিতেছে অ্যাডলেসেন্স। লিমিটেড সিরিজের সেরা অভিনেতাও হয়েছেন অ্যাডলেসেন্স-খ্যাত স্টিফেন গ্রাহাম। লিমিটেড সিরিজের সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন অ্যাডলেসেন্স-এর এরিন ডোহার্টি।

পুরস্কার গ্রহণ করার পর নিজের বক্তব্যে কুপার বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে অবিশ্বাস্য! একেবারেই পরাবাস্তব। কয়েক বছর আগে যখন আমি ড্রামা ক্লাস শুরু করি, ভাবিনি যে আমি কোনোদিন আমেরিকা আসব, আর এমি জেতা তো দূরের কথা!‘

কিশোর জেমি মিলারের চরিত্রে অভিনয় করা কুপার আরো বলেন, ‘আমার মনে হয় আজকের রাত এটাই প্রমাণ করে যে, যদি আপনি মনোযোগ দেন, নিজের উপর আস্থা রাখেন এবং নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসেন, তবে জীবনে আপনি যেকোনো কিছু অর্জন করতে পারেন। কে কী মনে করবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সবকিছুই সম্ভব। তিন বছর আগে আমি কেউ ছিলাম না, আর আজ আমি এখানে।‘

স্কট জ্যাকবির রেকর্ড ভেঙেছেন কুপার। ১৯৭৩ সালে ‘দ্যাট সার্টেইন সামার’-এর জন্য ১৬ বছর বয়সে এমি জিতেছিলেন স্কট। তবে সামগ্রিকভাবে সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে এখনো রোক্সানা জাল রয়ে গেছেন। তিনি ১৯৮৪ সালে ‘সামথিং অ্যাবাউট অ্যামেলিয়া’-এর জন্য ১৪ বছর বয়সে এমি জিতেছিলেন।

কিশোর-কিশোরীদের ওপর স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবকে উপজীব্য করে এগিয়েছে মার্ডার-মিস্ট্রি 'অ্যাডলেসেন্স'। সমালোচক ও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিরিজটি।

নিজের পুরস্কার গ্রহণের সময় অভিনেতা স্টিফেন গ্রাহাম বলেন, ‘আমার মতো একজন মিশ্র বর্ণের মানুষের জন্য সাধারণত এমনটা হয় না। আমি কার্বি নামের একটি জায়গার একটি ফ্ল্যাট থেকে এসেছি। আজ আমার সহকর্মীদের সামনে দাঁড়িয়ে তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এটা প্রমাণ করে যে যেকোনো স্বপ্নই সম্ভব।‘

জেমিকে নিয়ে কাজ করা শিশু মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করা ডোহার্টি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ব্রিটিশ এই অভিনেত্রী মজা করে বলেন, ‘আমি সারা জীবন ওয়েন কুপার এবং অ্যাডলেসেন্স নিয়ে গর্ব করে যাব। এই শো-টির সঙ্গে জড়িত প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এটা ছিল দলগত প্রচেষ্টার চমৎকার নিদর্শন।‘