ইদানীং সুপারহিরো সিনেমার সংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে মনে করেন আমেরিকান পরিচালক ও স্টুডিও নির্বাহী জেমস গান। তার কথায় ক্রিয়েটররা একবারও ভেবে দেখছেন না, ‘গল্পটা কেন বিশেষ?’ তিনি নিজে আশ্বস্ত করেছেন যে অন্তত ডিসি স্টুডিও যেনতেন সুপারহিরোর গল্প দিয়ে তাদের স্টুডিও ‘অতি’ সম্প্রসারণ করবে না। উল্লেখ্য, জেমস ডিসি স্টুডিওর কো-চেয়ারম্যান ও কো-সিইও।
জেমস মনে করছেন, সুপারহিরো সিনেমা ও টিভি শোর সংখ্যা এখন খুব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে তিনি ও ডিসি টিম তাদের সিনেমাগুলোর মানের ব্যাপারে খুবই সতর্ক থাকছেন। জেমস বলেছেন, ‘এখনকার ক্রিয়েটররা নতুন সুপারহিরো সিনেমা বানাতে আর মাথা খাটাচ্ছেন না। তারা সহজ রাস্তাটা বেছে নিয়ে শুধু সিকুয়াল বানিয়ে যাচ্ছেন।’
ইনসাইড ইউ উইথ মাইকেল রোজেনবম পডকাস্টে হাজির হলে জেমস গানকে প্রশ্ন করা হয় সুপারহিরো সিনেমা ও শোর সংখ্যা নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা মনে হয় সংখ্যায় খুব বেশি হয়ে যাচ্ছি। আমরা ডিসিকে এদিকে খুব সম্প্রসারণ করতে চাই না। আমাদের সিনেমা নিয়ে খুব সতর্ক থাকতে চাই। এটা নিশ্চিত করতে চাই যে সেগুলো যেন যতটা সম্ভব ভালো কাজ হয়।’
পরিচালকরা অলস হয়ে গেছেন এমন অভিযোগ করে জেমস বলেন, ‘আমার মনে হচ্ছে, সুপারহিরোর গল্পগুলো নিয়ে সবাই অলস হয়ে গেছেন। অবস্থাটা এমন হয়েছে যে, ‘‘ওহ! এইতো একটা সুপারহিরো, একে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলি!’’ এভাবে প্রথম সিনেমাটা হয়ে যায়। তারপর ‘‘শুরুটা তো ভালোই হয়েছে, এবার তাহলে একটা সিকুয়াল বানিয়ে ফেলি।’’ কিন্তু তারা একবারো ভাবছেন না, গল্পটা কেন বিশেষ? অন্য গল্পগুলো থেকে এটা কেন আলাদা? এর মধ্যে আদৌ কি কোনো গল্প আছে? সিনেমার চরিত্রগুলো কি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারছে? গল্পের মধ্যে কী আছে যে দর্শকরা সেটা সিনেমা হলে গিয়ে দেখবেন কিংবা টেলিভিশনে?’
সূত্র: হিন্দুস্তান টাইমস










