ঈদ নাটক নিয়ে দর্শকের আগ্রহ থাকে বরাবরই। নির্মাতারাও তাদের নিরাশ না করে ঈদ আসতেই ব্যস্ত হয়ে যান। দেশের জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলুর নাটক নিয়ে দর্শকদের আগ্রহের কমতি থাকে না। লাভলু ব্যস্ত আছেন শুটিং সেটে।
ঈদের জন্য লাভলু নির্মাণ করেছেন দুটি নাটক—মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ ও কাজী শাহেদুল ইসলামের ‘কার বিয়ে কে করে’। রোববার পুবাইলে শেষ হয়েছে ‘কার বিয়ে কে করে’ নাটকের কাজ। এতে জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। তার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন মিতিল।
নাটকটি নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘প্রতি বছরই ঈদ নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এবার ঈদও তার ব্যতিক্রম নয়। ঈদে দুটি নাটক পরিচালনা করেছি। এর মধ্যে কার বিয়ে কে করে নাটকে অভিনয় করেছি। এ নাটকে আমার বিপরীতে থাকবে মিতিল। তার অভিনয়ে যাত্রা আমার হাত ধরেই। অভিনয়ে বেশ ভালো করছে মিতিল। এ নাটকেও চরিত্রানুযায়ী বেশ ভালো করেছে। আর এবারের ঈদে আমার নির্দেশনায় নির্মিত দুটি নাটক দর্শক দেখতে পাবেন দুটি ভিন্ন চ্যানেলে। দুটি নাটক নিয়েই আমি আশাবাদী।’ নাটকে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন, ‘ঈদ নাটকের পাশাপাশি সুজিত বিশ্বাসের পরিচালনায় একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। ২২ ও ২৩ জুন উত্তরায় নাম চূড়ান্ত না হওয়া নাটকটির দৃশ্যধারণ হবে।’
ঈদের নাটকটি নিয়ে মিতিল বলেন, ‘আমার সৌভাগ্য যে এমন গুণী নির্মাতার মাধ্যমে আমার অভিনয়ের সূচনা হয়েছে। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করাটা আমার জন্য সবসময়ই ভালো লাগে। বলা যায় বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনয় করা। যথারীতি অনেক যত্ন নিয়ে পুরো ইউনিটের ভীষণ আন্তরিকতায় কাজটি শেষ হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ লাভলু জানান, কার বিয়ে কে করে নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে। এছাড়া লাভলু মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন, এটি চ্যানেল আইতে প্রচার হবে আগামী ঈদে।










