বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘এক্সম্যান’-খ্যাত
হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান ও অভিনেত্রী ডেবোরা লি ফারনেস। ২৭ বছরের সংসার করার পর
তারা এ সিদ্ধান্তে এলেন। খবর দ্য গার্ডিয়ান।
অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ ও ডেবোরা
১৯৯৬ সালে বিয়ে করেন। তাদের রয়েছে দুই সন্তান অস্কার (২৩) ও আভা (১৮)।
পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে
এই দম্পতি বলেছেন, একটি চমৎকার, প্রেমময় বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রী হিসেবে প্রায়
তিন দশক একসঙ্গে কাটাতে পেরে আমরা ধন্য। আমাদের পথচলা এখন পরির্বতন হচ্ছে এবং আমরা
আমাদের ব্যক্তিগত প্রশান্তির জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তারা আরো বলেন, পরিবার আমাদের সর্বোচ্চ
অগ্রাধিকার ছিল ও সবসময় তা-ই থাকবে। কৃতজ্ঞতা, ভালোবাসা ও উদারতার সঙ্গে পরবর্তী অধ্যায়টি
গ্রহণ করছি আমরা।
গত এপ্রিলে ২৭তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন এ দম্পতি। ১৯৯৫ সালে একটি টিভি সিরিজে অভিনয় করতে গিয়ে প্রথম দেখা হিউ ও ডেবোরার।
লেখক-পরিচালক রবার্ট কনোলির অস্ট্রেলিয়ান
থ্রিলার ‘ফোর্স অক নেচার: দ্য ড্রাই টু’-এ সম্প্রতি অভিনয় করেন ডেবোরা। এখানে তার চরিত্রের
নাম জিল বেইলি। এতে আরো আছেন এরিক বানা।
‘এক্সম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন
চরিত্রে অভিনয় করার জন্য বেশি পরিচিত জ্যাকম্যান। আগামী বছর ‘ডেথপুল থ্রি’ সিনেমায়
একই চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া সমালোচক পছন্দের বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে।
এর মধ্যে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ও ‘লেস মিজারেবলস’।
এই দম্পতি ২০০০ সালে ছেলে অস্কারকে
দত্তক নেন। এর পাঁচ বছর পর কন্যা আভা ইলিয়টকে দত্তক নেন।










