হঠাৎ করেই বলা হচ্ছিল শ্যাম বেনেগাল অসুস্থ। বাড়িতে তার ডায়ালাইসিস চলছে এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ পরিচালকের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। কিন্তু গতকাল কন্যা জানিয়েছেন খবরগুলো ভুল। হিন্দুস্তান টাইমসকে বেনেগালকন্যা পিয়া বেনেগাল বলেন, ‘অনলাইনে প্রকাশিত ও প্রচারিত এ তথ্যগুলো ভুল।’ অবশ্য তাকে যখন শ্যাম বেনেগালের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘এ নিয়ে আপনাদের ভাবনার দরকার নেই। তবে কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।’
তবে ৮৮ বছর বয়সী নন্দিত এ পরিচালক ততটা সুস্থও নন। পিয়া নিজেই জানিয়েছেন, নিয়মিত ডাক্তাররা বাড়িতে এসে তার বাবার চিকিৎসা করছে। তবে এখান থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত। পিয়া বলেন, ‘তিনি ঘরে চিকিৎসা নিচ্ছেন। ব্যাপারটা এমন না যে তিনি হাসপাতালে যাওয়ার মতো অবস্থায় নেই।’ তবে শিগগিরই তিনি নিজের অফিসে ফিরবেন এবং কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পিয়া বেনেগাল। তিনি বলেন ‘যতটা সুস্থ থাকা সম্ভব, তিনি তা আছেন। শিগগিরই তাকে অফিসে দেখতে পাবেন। আর অন্যান্য তথ্যও আপনারা পেয়ে যাবেন।’
শ্যাম বেনেগাল ভারতের অন্যতম সেরা সিনেমা নির্মাতা। তার এ অসুস্থতা নিয়ে বাংলাদেশের দর্শকদের ভাবিত হওয়ার কারণ রয়েছে। তা হলো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণ করছেন। সিনেমাটি এখন পোস্ট প্রডাকশনে রয়েছে। তবে শ্যাম বেনেগালের কন্যার দেয়া তথ্য থেকে আশ্বস্ত হওয়া যায় তিনি দ্রুতই কাজে ফিরবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










