একটি সিরিজ আর নতুন দুটি ধারাবাহিকসহ মোট তিনটি ফিকশন নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে। চলতি মাসে দর্শকরা এ আয়োজন দেখতে পাবেন নাগরিক টেলিভিশনের পর্দায় ও নাগরিকের ইউটিউব চ্যানেলে। ধারাবাহিক দুটি হলো ‘গৃহলক্ষ্মী’ ও ‘হালের হাওয়া’। আর সিরিজটির নাম ‘কিশোর গ্যাং’। 

নাগরিকের অনুষ্ঠান বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে জানানো হয় গতকাল থেকে প্রচার শুরু হয়েছে নতুন তিন ধারাবাহিক। রাত ১০টায় ধারাবাহিক নাটক গৃহলক্ষ্মী, নাটকটি সপ্তাহের শনি, রবি ও সোমবার দেখানো হবে নাটকটি। একই সময়ে সপ্তাহের বাকি তিনদিন মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে হালের হাওয়া ধারাবাহিকটি। অন্যদিকে কিশোর গ্যাং সিরিজটি প্রচার হবে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে।

কিশোর গ্যাং পরিচালনায় আছেন নাজমুল রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আঁখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে।

মাইনুল হাসান খোকনের পরিচালনায় গৃহলক্ষ্মী ধারাবাহিকের শিল্পীরা হলেন অরুণা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ আরো অনেকে। আর হালের হাওয়ার নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ।

এ বিষয়ে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘‌নাম দেখেই বুঝা যাচ্ছে তিনটি ফিকশন তিন ধরনের। শুধু এ ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন আনাচে কানাচে আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এ সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প আর গৃহলক্ষ্মীর কাহিনী হলো পারিবারিক আবহে আবর্তিত। হালের হাওয়া এ যুগের কিছু উঠতি ছেলে-মেয়েদের গল্প। সব মিলিয়ে আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’