দক্ষিণ ভারতের অভিনেতা ও পরিচালক রানা দগ্গুবতি। ‘বাহুবলি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের এক মন্তব্যের জেরে সোনম কাপুরের কাছে ক্ষমা চাইলেন, যার সঙ্গে জড়িয়ে আছেন মালায়ালাম তারকা দুলকার সালমান। খবর হিন্দুস্তান টাইমস।

হায়দাবাদে এক অনুষ্ঠানে রানা বলেছিলেন, ‘হিন্দি সিনেমার এক নায়িকা শুটিং সেটে দুলকার সালমানের সময় নষ্ট করেছিলেন।’ স্বভাবতই ধারণা করা হয়, সোনম কাপুরের কথা বলেছেন তিনি। কারণ ‘দ্য জয়া ফ্যাক্টর’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সোনম-দুলকার।

এ নিয়ে শোরগোল উঠতেই এ অভিনেতা-পরিচালক টুইট করেন। তিনি বলেন, ‘আমার মন্তব্যের কারণে সোনমকে লক্ষ্য করে যে নেতিবাচকতা তৈরি করা হয়েছে তাতে আমি সত্যিকারার্থেই উদ্বিগ্ন। মন্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও আমার বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধু হিসেবে আমরা প্রায়ই মজা করে অনেক কিছু বলি এবং আমি গভীরভাবে দুঃখিত যে আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

রানা আরো বলেন, ‘ব্যাপারটি নিয়ে সোনম ও দুলকারের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থনা করছি, তাদের দুজনকেই আমি অত্যন্ত সম্মান করি। আমি আশা করি এই সংশোধনী বার্তা কোনো জল্পনা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। এই উপলব্ধির জন্য আপনাদের ধন্যবাদ।’

২০১৯ সালে মুক্তি পায় ‘দ্য জয়া ফ্যাক্টর’। যদিও সিনেমাটি ব্যবসাসফল হয়নি। অভিনয়ে অনিয়মিত সোনম কাপুরকে সর্বশেষ ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যায়।  

দুলকার সালমান বলিউডে তিনটি সিনেমায় অভিনয় করেন। তাকে সামনে ‘গানস অ্যান্ড গোলাবস’ ও ‘কিং অব কথা’ সিনেমায় দেখা যাবে। আর দুলকারকে সঙ্গে নিয়ে বহু ভাষার সিনেমা ‘কাঁথা’ পরিচালনা করবেন রানা ডগ্গুবতী।