ঈদের সিনেমাগুলো এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে। এরই মধ্যে হৃদি হক ব্যস্ত তার পরিচালিত প্রথম সিনেমার প্রচার নিয়ে। সিনেমাটির নাম ‘১৯৭১: সেই সব দিন’। এর মূল ভাবনা প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হৃদি হক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ১৮ আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে এর প্রথম গান ‘‌যাচ্ছো কোথায়’। ইউটিউব ও ফেসবুক পেজে এটি প্রকাশ হয়েছে। গানটি শেয়ার করেছেন হৃদি হক। ১৯৭১ সালের সে সময়ের আবহেই এ গান দর্শকের প্রশংসা পাচ্ছে। এতে ভিন্ন লুকে দেখা গেছে দেখা গেছে আব্দুন নূর সজল ও সানজিদা প্রীতিকে। ১৯৭১ সালের আমলের ফ্যাশনেই নজর কেড়েছেন এ দুই তারকা। গলায় মাফলার, হাফ শার্ট আর মাথায় টুপিতে ’৭১-এর রোমান্টিক নায়কের বেশে দেখা গেছে সজলকে। অন্যদিকে হলুদ শাড়ি, দুই বিনুনি, কাচের চুড়ি, টিপ ও মাথায় ফুল দিয়ে প্রীতিকেও অনবদ্য লেগেছে। গানের সঙ্গে লুকের জন্য দর্শকের নজর কেড়েছেন এ দুই তারকা। কামরুজ্জামান রনি ও ইশরাত অ্যানির দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি লিখেছেন নির্মাতা হৃদি হক নিজেই। সুর ও সংগীত আয়োজনে দেবজ্যোতি মিশ্র। গানটি নব্বইয়ের দশকের কথা মনে করিয়ে দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।

ড. ইনামুল হকের জন্মদিন ছিল গত ২৯ মে। এ দিনে সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেলারের প্রদর্শনী করেন নির্মাতা হৃদি হক। 

‘১৯৭১: সেই সব দিন’ এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক নিজেই। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বীথি চরিত্রে। তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। সিনেমাটি নিয়ে জানতে চাইলে হৃদি হক বলেন, ‘আব্বুর জন্মদিন ছিল ২৯ মে। তাই আব্বুকে নিবেদন করেই তার জন্মদিনে সংবাদ সম্মেলনটি করেছিলাম আমরা। যাতে অনুভবে, শ্রদ্ধা আর ভালোবাসায় আমরা তাকে পাই। আর আমাদের সিনেমা মুক্তি পাবে ১৮ আগস্ট। আমাদের মনেও সিনেমাটিকে ঘিরে অনেক আশা জেগেছে। সত্যি বলতে কী, টিজার আর ট্রেলার দেখে সবার মনেই এ সিনেমা ঘিরে আশা জেগেছে যে এটি দর্শক দেখবে।’

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সোনিয়া হোসেন, সানজিদা প্রীতি প্রমুখ।

এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বড় পর্দায় দেখা যাবে লিটু আনামকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তারিন জাহান। এ প্রসঙ্গে লিটু আনাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমাটিতে অভিনয় করে ভালো লেগেছে। এতে আমাকে দেখা যাবে সাঈদ চরিত্রে। অভিনয়ের পাশাপাশি এ সিনেমায় আমি শিল্প নির্দেশনা দিয়েছি। পিরিয়ডিক সিনেমায় কাজ করা অনেক চ্যালেঞ্জিং। ৭১ সালের নয় মাসের জার্নি দেখানো হবে। সবকিছু যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক সিনেমায় অনেক নতুনত্ব পাবে।’

সিনেমার প্রচারে শুরু থেকেই চমক রেখেছিলেন নির্মাতা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর হাতে আঁকা পোস্টার ও ব্যানার ফিরিয়ে এনেছেন ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমার টিম। ব্যানারটি এঁকেছেন শিল্পী মোহাম্মদ শোয়েব। এ নিয়ে হৃদি হক বলেন, ‘আমাদের শিকড়ের মানুষদের সম্মান করেই হাতে আঁকা ব্যানার ও পোস্টার আমরা করতে চাচ্ছিলাম। একই সঙ্গে আমাদের সিনেমার প্রেক্ষাপটের সঙ্গেও এটা মানানসই। তাই আমরা শিল্পী মোহাম্মদ শোয়েবকে খুঁজে বের করে কাজটিই করার জন্য যখন অনুরোধ করি। তিনি খুবই অবাক হলেন। ভীষণ গুণী একজন শিল্পী। অথচ নিভৃতচারী। কাজটি করতে গিয়ে যেন বারবার নস্টালজিক হয়ে পড়ছেন।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ঢাকা ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। পোস্টার ও গান দুই দিয়েই এখন পর্যন্ত দর্শকের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। পর্দায় আসার পরই এটি নিয়ে দর্শকের মনোভাব বোঝা যাবে।