আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী আতিয়া ইসলাম এ্যানির একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘সমকালের বয়ান’ শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলিয়ঁস ফ্রঁসেজ জানায়, আতিয়া ইসলাম এ্যানি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ভিন্ন চিত্র তুলে ধরেন তার কাজের মধ্য দিয়ে। আশির দশক থেকে এ্যানির চিত্রকর্মে অস্থির সময়ের হৃদয়যন্ত্রণা শিল্পকুশলতায় উঠে এসেছে। তার চিত্রে আছে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা ও ক্রোধ। সমাজে নারীর অবস্থানকে তিনি সূক্ষ্মভাবে তুলে ধরেছেন তার চিত্রকর্মে।
এ নিয়ে আতিয়া ইসলাম এ্যানি জানান, তিনি স্বতন্ত্র শৈলী সমসাময়িক সামাজিক চেতনার সূক্ষ্মতাকে ধারণ করেন। সমকালীনদের মধ্যে সমাজ অঙ্গীকারের ধরন ভিন্ন বলে এটি বিশিষ্টও বটে। দেশের সমকালীন জীবনের নানা ঘটনা তাকে স্পর্শ করে। এ ঘটনাবলি বহুমাত্রিক। শোষণ ও মানবিকবোধ লঙ্ঘনের কথা তিনি তুলে ধরতে চেষ্টা করেন তার চিত্রকর্মের মধ্য দিয়ে। সমাজের কপটতা, অসংগত ও বেঁচে থাকার সংগ্রামের চিহ্ন বহতার চিত্রাবলিতে সময়ের বিপন্নতা ঘুরেফিরে তার শিল্পীসত্তাকে বলীয়ান করেছে বলে জানান তিনি। নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য তিনি বিভিন্ন রূপক, চিহ্ন ও প্রতীক ব্যবহার করেন।
শিল্পী আতিয়া ইসলাম এ্যানির তৃতীয় একক চিত্র প্রদর্শনী এটি। অতীতের ধারাবাহিকতায় তার এবারের প্রদর্শনীর চিত্রকর্মেও বর্তমান সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। ২০১২-২৩ সালের মধ্যে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ২২টি নির্বাচিত ছবি নিয়ে এ প্রদর্শনী। এটি চলবে ২৯ আগস্ট ২০২৩ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত।
২০০০ সালে ‘নারী ও সমাজ’ শিরোনামে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় গ্যালারি ২১-এ। দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে ২০১৮ সালে শিল্পী আতিয়া ইসলাম এ্যানি ৬৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে গ্র্যান্ড পুরস্কার অর্জন করেন।










