বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কাজী নওশাবা আহমেদ। নাটক, সিনেমা ও ওটিটি নিয়েই ব্যস্ততা তার। তবে ঢাকার মঞ্চে ‘সিদ্ধার্থ’ নাটক নিয়ে নতুন রূপে দেখা দিলেন নওশাবা। হেরমান হেসের লেখা জনপ্রিয় উপন্যাস ‘সিদ্ধার্থ’। সে উপন্যাসকে নাট্যরূপ দিয়ে ঢাকার মঞ্চে নিয়ে এসেছেন রেজা আরিফ। মঞ্চ নাটকের দল আরশিনগরের এ চতুর্থ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন তিনি, যাতে দেখা গেল নওশাবাকে। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিদ্ধার্থ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। একই সময়ে গতকাল হয়েছে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। তৃতীয় ও চতুর্থ প্রদর্শনী দেখা যাবে আজ বিকাল ৪টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
নাটকটি নিয়ে নওশাবা বলেন, ‘সিদ্ধার্থ দারুণ একটা উপন্যাস। আত্মোপলব্ধির গল্প। উপন্যাসটা যতবার পড়েছি, ততবারই মনে হয়েছে এটা নিয়ে কেন কাজ হয় না। অবশেষে এটা নিয়ে কাজ শুরু হলো। সেটার সঙ্গে থাকতে পারাটা আমার কাছে রীতিমতো ভাগ্যের ব্যাপার।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের একটি ছবি শেয়ার করেছেন নওশাবা।
গত বছরের শেষ দিকে কমলা কালেক্টিভের ‘নীল ছায়া’ নাটকে অভিনয় করেছিলেন নওশাবা। ছয় মাস পর সিদ্ধার্থ দিয়ে ফের মঞ্চে নজর কাড়লেন এ অভিনেত্রী। মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে নওশাবা বলেন, ‘হয়তো থিয়েটারে অর্থ পাওয়া যায় না, কিন্তু অভিনয় শেখার সুযোগ পাওয়া যায়। নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া হয়। সে জায়গা থেকে আমার মনে হয়েছে, আমি নিবেদিতভাবে মঞ্চ নাটকের সঙ্গে থাকব।’










