একই মাসে দুই সিনেমায় দেখা যাবে ফেরদৌস আহমেদকে। গতকাল মুক্তি পেয়েছে ফেরদৌস অভিনীত সিনেমা ‘মাইক’।

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা। পরপর দুই সপ্তাহে দুটি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ। গতকাল মুক্তি পেয়েছে ফেরদৌস অভিনীত ‘মাইক’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রটি। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন তানভীন সুইটি। সিনেমাটি মুক্তির আগে থেকেই প্রচারণায় ব্যস্ত ছিলেন ফেরদৌস। 

এছাড়া আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ফেরদৌস অভিনীত হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ সিনেমাটি। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন হৃদি হক নিজেই। এ দুই সিনেমার প্রচারণা নিয়েই আপাতত ব্যস্ত আছেন ফেরদৌস আহমেদ। মাইক সিনেমাটি নিয়ে জানতে চাইলে ফেরদৌস আহমেদ বলেন, ‘স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এমন একটি মাসে এমন সময় আমরা মাইক সিনেমা নিয়ে এসেছি, যার গল্পের সঙ্গে এ মাসের রয়েছে গভীর সর্ম্পক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে (পঁচাত্তর পরবর্তী) সিনেমাটি তৈরি হয়েছে, যেটি ছিল নিষিদ্ধ সময়। আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্ম জানতই না যে বঙ্গবন্ধু নামে কেউ আছেন। মাঝে-মধ্যে বাবার মুখে শুনতাম শেখ সাহেব এটা করেছেন, ওটা করেছেন। এ প্রজন্ম অনেক লাকি যে দেশের সঠিক ইতিহাস জানতে পারছে।’ 

অন্যদিকে ‘‌১৯৭১: সেইসব দিন’ সিনেমাটি মুক্তির আগেই দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে। এর পোস্টার, গান ও ট্রেলার দুই নিয়েই আলোচনায় রয়েছে। প্রশংসা পাচ্ছে দর্শকের। এ সিনেমা নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘আর হৃদি তার বাবার গল্প ভাবনায় ১৯৭১: সেইসব দিন সিনেমাটি ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করেছে। সিনেমাটি দেখার জন্যও দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। আমি মাইকে যেমন নিজের চরিত্রের প্রতি ভীষণ মনোযোগী ছিলাম, ১৯৭১: সেইসব দিন সিনেমায়ও অভিনয়ের সময় একই রকম মনোযোগ ছিল আমার। সত্যি বলতে কী দুটো দুই ধরনের গল্পের সিনেমা। আর শিল্পী হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সবসময়ই যথাযথভাবে পালন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে নিজের শতভাগ মনোযোগ দিয়েছি দুটি চরিত্র নিজের ভেতরে ধারণ করতে। দর্শককে বলব, আপনারা হলে গিয়ে সিনেমা দুটি উপভোগ করুন। এখন সিনেমায় নতুন জোয়ার এসেছে। নতুন গল্প নিয়ে সুন্দর সিনেমা নির্মাণ হচ্ছে আমাদের দর্শকের জন্যই।’

ফেরদৌস আহমেদ এখনো ব‍্যস্ত অভিনেতা। বছরজুড়েই শুটিং নিয়ে আছেন তিনি। চলতি বছরেও বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা।