প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘‌কিনু কাহারের থেটার’। আজ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হতে যাচ্ছে। এটি রচনা করেছেন মনোজ মিত্র ও নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

‌কিনু কাহারের থেটারে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। এছাড়া নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জগন্ময় পাল, সাইফুল জার্নাল, পারভীন পারু, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ। সেট ডিজাইন করেছেন রিঙ্কন সিকদার, সংগীত পরিকল্পনায় প্রাচ্যনাট সংগীত দল, আলোক পরিকল্পনায় আবুল হাসনাত ভুঁইয়া রিপন।

নাটকটির গল্প নিয়ে জানতে চাইলে ইমন জানান, এটা পুতনা নামের রাজ্যের একটি ঘটনাকে কেন্দ্র করে। নাটকে দেখা যাবে, পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। এ ঘটনার বিচারের দাবি করেন লাট সাহেব। এ নিয়ে রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কী করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য। তারপর ঘটে আরেক ঘটনা, যা জানা যাবে নাটকটিতে।