বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চলতরঙ্গ উৎসব। শনিবার পর্দা ওঠে চলচ্চিত্র উৎসবটির। এ উৎসবে দেখানো হবে যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’। বুয়েটে চলতরঙ্গ উৎসবে ‘আদিম’-এর প্রথম শো হবে আজ সন্ধ্যা ৭টায়। দ্বিতীয় শো থাকছে বুধবার বেলা ৩টায়। টিকিট মূল্য ৫০ টাকা। নির্মাতা নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন। ঢাকায় আদিমের শো নিয়ে যুবরাজ শামীম বলেন, ‘ঢাকায় যেন বড় পর্দায় আদিম দেখানোর উদ্যোগ নেয়া হয়, প্রেক্ষাগৃহ থেকে আদিম নেমে যাওয়ার পর অনেকের কাছ থেকে এমন অনুরোধ পেয়েছি। এরই মধ্য ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকল্প ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখানো হয়েছে আদিম। ঢাকায় আদিমের বিকল্প প্রদর্শনী নিয়ে ভাবতে যাব, তখন বুয়েট ফিল্ম সোসাইটি জানাল, তারা চলতরঙ্গ উৎসবে আদিম দেখাতে চায়। ঢাকায় আছেন, এখনো যারা আদিমের প্রতি আগ্রহ অনুভব করছেন, তাদের জন্য বড় পর্দায় আদিম দেখার এটাই আপাতত শেষ সুযোগ।’
মস্কোজয়ী আদিম দেশে মুক্তি পেয়েছে গত ২৬ মে। সিনেমাটি আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। গণঅর্থায়নে নির্মিত হয়েছে আদিম। ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে আদিম প্রদর্শনের পাশাপাশি পায় সেরা নির্মাতার (বিশেষ জুরি পুরস্কার) পুরস্কার। এছাড়া পেয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। এ সিনেমার গল্প টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই।
ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিমের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।










