আধুনিক বাংলা গানের জগতে পরিচিত নাম ফুয়াদ আল মুক্তাদির। নতুন ধরনের সুর ও সংগীত নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তরুণদের মধ্যে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। তার সব গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। তবে হুট করেই এক লম্বা সময় গান থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এমনকি টানা তিন বছর দেশের কোনো কনসার্টেও দেখা মেলেনি ফুয়াদের। নতুন খবর হলো, আজ ঢাকার শ্রোতা ও দর্শকদের জন্য মঞ্চে ফিরছেন তিনি। সঙ্গে থাকবেন দুই তরুণ শিল্পী দামির ও সঞ্জয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বাংলাদেশী সংগীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপনের উদ্দেশ্যে ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
ফুয়াদ ছাড়াও বাকি দুই শিল্পী বাংলাদেশের বাইরে সাফল্য অর্জন করেন। দামির ও সঞ্জয় দুজনই প্রবাসী বাংলাদেশী। যাদের বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দেশের দর্শকদের কাছে তাদের পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই কনসার্টের আয়োজন করা হয়েছে। সঞ্জয় সিলেটের বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে সংগীত নিয়ে কাজ করছেন তিনি। তার ‘মুন রাইজ’ গানটি এখন পর্যন্ত বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ২৫০ মিলিয়ন শ্রোতা শুনেছে। এদিকে দামির একজন ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার। ডিজেসহ পপ মিউজিশিয়ান হিসেবেও কাজ করছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রেপ্রবাসী তরুণ দুই মিউজিশিয়ানকে নিয়ে আবার ঢাকায় কনসার্ট প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘দুই তরুণের সংগীতচর্চা আমাকে আকৃষ্ট করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বড় হয়েছে। কিন্তু বাংলাদেশ ও সেখানকার গানের প্রতি তাদের আলাদা ভালোবাসা আছে। আমাকে বিষয়টি মুগ্ধ করেছে। তাদের নিয়ে যে কনসার্ট করতে চলেছি, আমার বিশ্বাস, দর্শক শ্রোতারা তা বেশ উপভোগ করবে।’
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি উপভোগ করতে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ প্রবেশ মূল্য ৯০০ টাকা ও ভিআইপি প্রবেশ মূল্য ২২০০ টাকা।
২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পায় ফুয়াদের ‘বন্য’ অ্যালবাম। এ অ্যালবামের ‘তোর জন্য আমি বন্য’, ‘জংলী’, ‘নিটোল পায়ে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এরপর অডিও জগতে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দেন তিনি। গত বছরের ডিসেম্বরে ২৪ জন শিল্পীদের নিয়ে কনসার্ট করেছিলেন ফুয়াদ।










