অরুণা বিশ্বাস। একাধারে চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী নির্মাতা হিসেবেও পরিচিত। অভিনয়, নির্মাণ এসব নিয়ে ব্যস্ত সময় কাটে তার। মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি তিনি একটি খণ্ড চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘ঠিকানা বত্রিশ’ নামে খণ্ড চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তার নিজেরই লেখা। মুক্তিযুদ্ধের সময়কাল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক মহানুভবতার গল্প উঠে এসেছে এ চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধ চলাকালীন ধর্ষিত হয়েছেন দুই লাখ নারী। তাদের উদ্দেশে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, ‘বীরাঙ্গনা’রা তাদের ঠিকানায় ধানমন্ডি ৩২-এর উল্লেখ করবেন এবং তাদের পিতার নামের জায়গায় ব্যবহার করবেন বঙ্গবন্ধুর নাম। চোখ ভিজিয়ে দেয়া এমন মানবিক ঘোষণাটি চলচ্চিত্রে তুলে এনেছেন নির্মাতা ও অভিনেত্রী অরুণা বিশ্বাস। ঠিকানা বত্রিশের বিভিন্ন চরিত্রে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনাসহ আরো অনেককে। চলচ্চিত্রটিতে অরুণা বিশ্বাস নিজেও অভিনয় করেছেন।

‘ঠিকানা বত্রিশ’ চলচ্চিত্রে রাফেজা চরিত্রে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। এতে অভিনয়ের অভিজ্ঞতা বিনিময় করে তিনি বলেন, “এমন একটি পরিবেশে চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে মনে হচ্ছিল যেন ৭১’র সময়টাতেই আছি আমরা। যখন সংলাপ বলছিলাম তখন শরীর শিহরিত হয়ে উঠছিল বারবার। অরুণা দিদি একজন অসাধারণ গুণী শিল্পী। তার নির্দেশনায় কাজ করে ভীষণ তৃপ্ত আমি।”


এদিকে খণ্ড চলচ্চিত্রটিতে সহশিল্পীদের অভিনয় প্রসঙ্গে নির্মাতা হিসেবে অরুণা বিশ্বাস বলেন, ‘ঠিকানা বত্রিশে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমাদের শিল্পীরা অনেক কষ্ট করেন, শ্রম দেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে তাদের যথাযথ সম্মান দিতে পারি না। আমি এখন থেকে নিয়মিত নির্মাণে থাকার চেষ্টা করব এবং সত্যিকার অর্থেই যারা জাত শিল্পী তাদের নিয়ে কাজ করব।’

অরুণা বিশ্বাস জানান শিগগিরই দেশের প্রায় সব চ্যানেলে ‘ঠিকানা বত্রিশ’ প্রচার হবে। এদিকে এরই মধ্যে তিনি ‘এক আজলা আগুন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

অরুণা বিশ্বাসের অভিনয়ের শুরুটা হয়েছিল রেডিওতে অভিনয়ের মধ্য দিয়ে। নাট্যকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে তার আগমন। অরুণা বিশ্বাসের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮৪ সালে। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপাডাঙার বউ’ ছবিতে বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে হাজির হন তিনি। এ ছবি তাকে সাফল্য এনে দিয়েছিল। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমানের নির্দেশনায় ‘পরশ পাথর’, প্রখ্যাত সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমানের ‘দুর্নাম’ চলচ্চিত্রগুলো উপহার দেন তিনি। অভিনয়জীবনে অরুণা বিশ্বাস ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্নাসহ অনেকের সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয় অনেক ছবি করেছেন। একসময় অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।