সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। নিয়মিত গানের সঙ্গে যুক্ত থাকলেও মিউজিক ভিডিও থেকে দূরে ছিলেন তিনি। পাঁচ বছর পর দর্শক-শ্রোতাদের নতুন মিউজিক ভিডিও উপহার দিলেন ন্যান্সি। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে মুক্তি পাওয়া ‘আমার প্রিয়তম’ অ্যালবামের মিষ্টি গান ‘চাঁদের আলোতে নয়’ গানের মিউজিক ভিডিও নিয়ে ক্যামেরার সামনে এলেন এ গায়িকা। গানটির ভিডিও নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা এ বাবুল।
এর আগে দুই বছর আগে গানটির অডিও ভার্সন প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। প্রকাশের পরই গানটি পেয়েছিল শ্রোতাপ্রিয়তা। তার পরিপ্রেক্ষিতেই নতুন বছরের চমক হিসেবে গানের ভিডিও করার উদ্যোগ। ঢাকার পূর্বাচলসহ বিভিন্ন স্পটে ভিডিওর শুটিং করা হয়। এতে মডেল হিসেবে রয়েছেন শিল্পী ন্যান্সি নিজেই।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘আমি গানটি গেয়েছিলাম বেশ কয়েক বছর আগে। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে গানটি মুক্তি পেয়েছিল। গানটির সুর-সংগীত আয়োজন করে পঞ্চম। ভীষণ সুন্দর ও মিষ্টি গানটা আগের হলেও এখনো শুনলে নতুনই মনে হবে। এটাই গানটির বিশেষত্ব।’
দীর্ঘ ১৫ বছর পর এ বাবুলের সঙ্গে কাজ করলেন ন্যান্সি। এ নিয়ে ন্যান্সি বলেন, ‘সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ এ বাবুলের সঙ্গে শেষ কাজ করেছিলাম ২০০৯ সালে। দর্শকনন্দিত “বুঝে নিও বুঝে নিও তুমি আমার ভীষণ প্রিয়” গানটি সেবার কক্সবাজারসহ উত্তরা, আশুলিয়ায় শুটিং হয়েছিল।’
মিউজিক ভিডিও প্রসঙ্গে নির্মাতা পরিচালক এ বাবুল বলেন, ‘দীর্ঘ বিরতির পর ন্যান্সির সঙ্গে আমার কাজ। নিশ্চয়ই বরাবরের মতোই এটিও দর্শকপ্রিয়তা পাবে।’ শিগগিরই সংগীতার ব্যানারে গানটি মুক্তি পাবে বলেও জানান বাবুল ও ন্যান্সি।
এর আগে ২০১৮ সালে ‘মৌনতা’ শিরোনামে ন্যান্সির নতুন গানের মিউজিক ভিডিও মুক্তি পায়।










