বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে
বাত কর- ট্রেলারে প্রথমবার প্রকাশ্যে আসে ‘জওয়ান’ সিনেমার সংলাপটি। এরপর তো ইতিহাস।
এ সিনেমার সাফল্যের পেছনে অন্যতম ইউএসপি ধরা হচ্ছে এ সংলাপকে।
শাহরুখের মুখে এই সংলাপ শুনে অনেকেই
তার ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় হেনস্থার সঙ্গে মিলিয়ে দেখছেন। মজার বিষয় হলো,
এ সংলাপ নাকি প্রাথমিকভাবে স্ক্রিপ্টে ছিল না। শুটিংয়ের সময় সেটে যোগ করা হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, ‘জওয়ান’
ছবির সংলাপ লেখক সুমিত আরোরা সাম্প্রতিক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেছেন।
তিনি বলেন, ‘যে মুহূর্তে শাহরুখ খান
সংলাপটি বললেন আমরা তখনই বুঝে গিয়েছিলাম, এটি ছবি অন্যতম দমদার অংশ হতে চলেছে। শুট
করার সময় আমাদের আসলে মনে হচ্ছিল এই জায়গায় একটা সংলাপ দরকার যা তাকে দিয়ে বলানো
যেতে পারে। আমি তখন সেটেই ছিলাম। প্রথমেই আমার মুখ দিয়ে এ সংলাপ বেরিয়ে আসে। মনে
হয়েছিল, ওই মুহূর্তে এটিই সবচেয়ে সেরা ডায়লগ হতে পারে। আমি বলার পর শাহরুখ খান ও
অ্যাটলির পছন্দ হয় এবং শট নেয়া হয়।’
তবে সুমিত আশাই করেননি যে সংলাপটি এত
জনপ্রিয় হবে বা সবার এতটা ভালো লাগবে। তিনি বলেন, ‘যেভাবে শাহরুখ খান সংলাপটা বলেছেন
তাতে রীতিমত গায়ে কাঁটা দিয়েছে। কিন্তু আমরা কেউই প্রথমে বুঝিনি যে লাইনটা এতটা হিট
করবে। লেখক হিসেবে আমি শুধু সংলাপ লিখতে পারি, বাকিটা তো দর্শকদের হাতে।’
২০২১ সালে মাদক মামলায় ২৫ দিন জেলে
খাটেন কিং খান পুত্র আরিয়ান। তারপর তিনি জামিন ও পরে ক্লিনচিট পান। দর্শক ওই ঘটনার
সঙ্গে সংলাপের মিল খুঁজে পেয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’।
হিন্দি বলয়ের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি সাত দিনে ৩৬৮ কোটি রুপির বেশি আয় করেছে। বিশ্বব্যাপী
আয় দাঁড়িয়েছে ৬০০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহান্তে দেশীয় বাজারে আয়
ছাড়াবে ৫০০ কোটি রুপির বেশি।










