‘বাহুবলি’ দিয়ে সর্বভারতীয় তারকার মর্যাদা
পেয়েছিলেন প্রভাস। এরপরের ইতিহাস হতাশার। একের পর এক ব্যর্থ হয়েছে এ নায়কের বড় বাজেটের
সিনেমাগুলো। শাহরুখ খানের ‘জাওয়ান’ ঝড়ের কারণে সাম্প্রতিক সিনেমা পেছালেও সালমান খানকে
এড়াতে পারছেন না প্রভাস।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ
অভিনীত ‘জাওয়ান’। আর প্রভাসের ‘সালার পার্ট ওয়ান’ মুক্তির কথা ছিল ২৮ সেপ্টেম্বর। তিন
সপ্তাহের ব্যবধান থাকলেও কিং খানের সিনেমা নিয়ে ভারতজুড়ে সৃষ্ট উন্মাদনায় পেছাতে বাধ্য
হয়েছে ‘সালার’। অবশ্য সঙ্গে সঙ্গে ডেটটি বুকড করে নেয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ফুকরে থ্রি’।
এখন শোনা যাচ্ছে, নভেম্বর মুক্তি পাবে
প্রভাসের সিনেমাটি। ওই মাসে উত্তরে ভারতের অন্যতম উৎসব দিওয়ালিতে আসছে সালমান খানের
অতিপ্রতিক্ষীত ‘টাইগার থ্রি’। পরিচালক প্রশান্ত নীল কোনো ডেট ঘোষণা না করলেও ভাইজানের
সিনেমার সঙ্গে ক্ল্যাশ হবে এটা প্রায় নিশ্চিত।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়,
ছুটির মৌসুম হওয়ায় ‘সালার’ মুক্তির জন্য একদম আদর্শ সময় দিওয়ালি। বড় বাজেটের সিনেমাটি
সারা ভারতে ব্যবসার সুযোগ পাবে। যদি সেই সময়টি নির্মাতারা বেছে নেন তবে সালমানের সঙ্গে
প্রভাসের প্রতিদ্বন্দ্বিতা হবে। দুটো ছবিই অ্যাকশনধর্মী ও সাধারণ দর্শককে সামনে রেখে
নির্মিত। যদি তারিখ মিলে যায় তবে দিল বনাম ঘায়েল ও লাগান বনাম গাদারের মতো পরিস্থিতি
তৈরি হবে।
এমন অবস্থায় শো’র জন্য প্রদর্শকদের
সঙ্গে এক ধরনের ‘মারামারি’তে লিপ্ত হবেন নির্মাতারা, এমনটা বলছে প্রতিবেদন। সেখানে যদি
রণ ভঙ্গ দেয় ‘সালার’, তাতেও ঝামেলা আছে। এর আগে ১৭ নভেম্বর মুক্তি দেয়া যাবে না। কারণ
মাত্র দুদিন পর ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। আর দিওয়ালির আগের শুক্রবার ৩ নভেম্বর মুক্তিও সুবিধাজনক
নয়। বড় সিনেমা ও বিশ্বকাপ পরবর্তী তারিখ হিসেবে ‘সালার’-এর সামনে থাকবে ২৪ নভেম্বর।
ধারণা করা হচ্ছে, এ সময়ে গড়াতে পারে সিনেমাটি। নইলে ডিসেম্বরের পাইপলাইনে থাকা বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
‘টাইগার থ্রি’ ইয়াশরাজ স্পাই ইউনিভার্সের
অংশ। সম্প্রতি প্রকাশিত পোস্টার থেকে জানা যায়, এতে টাইগার জিন্দা হ্যায়, ওয়ার ও পাঠান
সিনেমার ধারাবাহিকতা থাকবে। সালমান খানের সঙ্গে আরো আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।
অন্যদিকে ‘সালার পার্ট ওয়ান’-এ প্রভাসের নায়িকা শ্রুতি হাসান।










