দেশের সংগীত অঙ্গনের পরিচিত মুখ বালাম। ‘একাকী মন’, ‘কি নেশা’, ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’সহ তার একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। নতুন খবর হলো এক মাসের সফরে কানাডা মাতাতে গেছেন সংগীতশিল্পী বালাম। আগামী এক মাস কানাডার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে তার। কানাডার উদ্দেশে সোমবার রাতে ঢাকা ছেড়েছেন। দীর্ঘদিন পর দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত বালাম।
মাসব্যাপী এ সফর নিয়ে বালাম বলেন, ‘কানাডায় আমার প্রথম কনসার্ট হবে ১২ আগস্ট টরন্টোতে। ২৬ ও ২৭ আগস্টের আয়োজন ক্যালগেরিতে, এরপর আগামী ২ সেপ্টেম্বর মন্ট্রিয়লের একটি কনসার্টে অংশ নেব। এরপর আবারো টরন্টোসহ বেশকিছু শহরে কনসার্টের আলোচনা চলছে।’
বালাম ছাড়াও কনসার্টে অংশ নিতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন সাবিনা ইয়াসমিন ও প্রতীক হাসান। তিন শিল্পীকে কানাডায় একাধিক কনসার্টে একমঞ্চে দেখা যাবে।
বিদেশের মঞ্চ মাতালেও দেশের মঞ্চে কবে দেখা যাবে বালামকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মাসেই কিছু কনসার্টের আলাপ চলছিল, কিন্তু কানাডায় আমার আগে থেকেই কমিটমেন্ট দেয়া ছিল, তাই চলতি মাসে দেশের মঞ্চে গান গাওয়া হচ্ছে না। আশা করি, সেপ্টেম্বরে দেশে ফিরে কনসার্টে অংশ নেব। দেশের মঞ্চে ফেরার জন্য আমিও উদগ্রীব হয়ে আছি।’
২০০৬ সালে তার কম্পোজিশনে প্রকাশ করেন মিশ্র অ্যালবাম ‘প্রেম শিকারী’। এতে ফিচার করেন জাহিদ পিন্টু, অভি ও জুলির মতো প্রতিভাবান শিল্পীদের। শ্রোতামহলে প্রশংসিত হয় বালামের সুর ও সংগীতায়োজন। ২০০৭ সালে তার প্রথম অ্যালবাম ‘বালাম’ দিয়ে দারুণ সাড়া ফেলেন। পরবর্তী বছরে সংগীতার ব্যানারে প্রকাশ পায় বালামের দ্বিতীয় অ্যালবাম ‘বালাম ২’। একের পর এক গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন তিনি। কিন্তু হুট করেই আড়ালে চলে যান এ শিল্পী। তিন বছর বিরতি নেন তিনি। চলতি বছরেই সেই আড়াল ভেঙে ফিরেছেন গানে। ফিরেই প্লে-ব্যাক দিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় এ গায়ক। বালাম প্রায় ১০ বছর পর প্লেব্যাক করেছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র টাইটেল গানে। বর্তমানে গান নিয়ে ব্যস্ত এ সংগীতশিল্পী।










