আগামী বছর জুনে যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন টেইলর সুইফট। কনসার্টটিকে কেন্দ্র করে এখনই ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। প্রিয় তারকার কনসার্ট উপভোগের জন্য তারা আগেভাগেই সব ধরনের প্রস্তুতি সেরে রাখছেন। কনসার্টটি ঘিরে চাঙ্গা হয়েছে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ পর্যটন। কনসার্টের দিনগুলোর জন্য এডিনবার্গ, লিভারপুল ও কার্ডিফের সব হোটেল ভাড়া হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যভিত্তিক হোটেল চেইন ট্র্যাভেলজ গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে ট্র্যাভেলস কর্তৃপক্ষ বলে, ‘আগামী বছর টেইলর সুইফটের কনসার্টকে ঘিরে যুক্তরাজ্যের প্রতিটি জায়গা থেকে আমাদের হোটেলগুলোর রুম ভাড়া নেয়ার জন্য প্রচুর আবেদন আমরা পেয়েছি। বিশেষ করে কনসার্টের ভেন্যুর কাছাকাছি হোটেলগুলোর চাহিদা সবচেয়ে বেশি।’ চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে সংগীত তারকা বিয়ন্সে ও হ্যারি স্টাইলসের কনসার্টের কারণে ট্র্যাভেলসের আয় আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। টেইলর সু্ইফটের কনসার্টের কারণে আগামী বছরও দুর্দান্ত ব্যবসা করবে এ প্রতিষ্ঠান। এরই মধ্যে তার আভাস মিলছে। সেদিকে ইঙ্গিত করে ট্র্যাভেলস কর্তৃপক্ষ বলে, ‘আক্ষরিক অর্থেই এডিনবার্গ, লিভারপুল ও কার্ডিফের সব হোটেলের টিকিট বিক্রি হয়ে গেছে। ওয়েম্বলির কাছাকাছি আমাদের লন্ডনের হোটেলগুলোর সব টিকিটও বিক্রি হয়ে গেছে। আশা করা হচ্ছে, এটি ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা কনসার্ট হতে যাচ্ছে।’

‘এরাস ট্যুর’ শিরোনামে টেইলর সুইফটের এ কনসার্ট সফর শুরু হয়েছিল গত ১৭ মার্চ। আগামী বছরের ২৩ নভেম্বর এটি শেষ হওয়ার কথা আছে। এরাস ট্যুরের প্রতিটি পর্বেই ব্যাপক সাড়া পাচ্ছেন টেইলর সুইফট ও তার দল। কেবল উত্তর আমেরিকায় টিকিট বিক্রি থেকেই এরাস ট্যুর ২২০ কোটি ডলার আয় করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। টাইম ম্যাগাজিনের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলে এ যাবতকালের সবচেয়ে বেশি লাভ করা ট্যুরের স্বীকৃতি পেতে যাচ্ছে এরাস ট্যুর। এর মাধ্যমে এলটন জনের ‘দ্য ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড’ ট্যুরের রেকর্ড অতিক্রম করবেন টেইলর সুইফট। এলটন জনের ট্যুরটি ৯৩ কোটি ৯০ লাখ ডলার আয় করেছিল।

‘ইউকে হসপিটালিটি’র প্রধান নির্বাহী কেট নিকোলস জানান, টানা তিন বছর সংকটে থাকার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ পর্যটন খাত ঘুরে দাঁড়িয়েছে। টেইলর সুইফটের কনসার্ট একে আরো গতিময় করেছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান