ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। রোমান্স, বিশ্বাস-অবিশ্বাস, রহস্য ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এ কনটেন্ট দর্শকের জন্য এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আসছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অন্ধ বালকের গল্প লিখেছেন নাজিম-উদ-দৌলা। এটি প্রেম ও তার পরিণতি ঘিরে এগোলেও এটি প্রচলিত ধারার প্রেমের গল্প নয়। এখানে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের ভেতর জড়িয়ে আছে অন্ধকার, অজানা কিছু রহস্য, ভাগ্য ও ভবিষ্যদ্বাণীর মতো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল। এসব নিয়েই এগিয়ে যাবে কাহিনী।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘‌‌ঢাকার বিভিন্ন লোকেশনে অন্ধ বালকের শুট হয়েছিল। এখন এটি মুক্তির অপেক্ষায়। নাজিম-উদ-দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান, তাই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টে স্বাভাবিকভাবেই আগ্রহী হয়েছি। আমার বিশ্বাস দর্শক একেবারেই ভিন্ন স্বাদের একটি গল্প দেখতে পাবেন।’

ফ্ল্যাশ ফিকশনে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন অর্ক চরিত্রে এবং সাদিয়া আয়মান দিনা চরিত্রে। প্রথমে ভালোবাসায় ভরা এ দুজনের সম্পর্ক ধীরে ধীরে জটিল হতে থাকে। তাদের জীবনে হঠাৎ প্রবেশ ঘটে এক অন্ধ বালকের প্রসঙ্গ। সে অন্ধ বালকের উপস্থিতিই ভালোবাসার গল্পে ফাটল ধরায় এবং দিনার বিশ্বাস-অবিশ্বাস এ সম্পর্ককে আরো সংকটের দিকে ঠেলে দেয়।

এ কনটেন্ট দিয়েই ভিকি জাহেদের পরিচালনায় প্রথম কাজ করেছেন সাদিয়া আয়মান। তিনি বলেন, ‘‌কাজটি আমি গত বছর করেছি। এখনো পুরো কনটেন্ট দেখার সুযোগ হয়নি। তবে তৌসিফ ভাই বলেছেন আমার কাজ নাকি ভালো হয়েছে। দিনা চরিত্রটি অনেক ভালোবাসায় ভরা। সে একদিকে অর্ককে ভীষণ ভালোবাসে, অন্যদিকে বাবারও বাধ্য সন্তান। অর্ক আর বাবার নানা সমীকরণের ভেতর দিয়েই এগিয়েছে দিনার গল্প। আশা করি দর্শক কনটেন্টটি উপভোগ করবেন। আর ভিকি ভাইয়ের পরিচালনার কারিশমা তো থাকছেই।’

ভিকি জাহেদের পরিচালনায় আগে থেকেই তৌসিফ মাহবুব জনপ্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে সাদিয়া আয়মানের সঙ্গেও তার অনস্ক্রিন জুটি বেশ প্রশংসিত। ফলে অন্ধ বালক নিয়ে প্রত্যাশা আরো বেড়েছে। তৌসিফ বলেন, ‘‌এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া বরাবরের মতোই দারুণ কাজ করেছেন। আমি বিশ্বাস করি দর্শক কনটেন্টটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

অন্ধ বালকে সাদিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়া আছেন শিল্পী সরকার অপু। নির্মাতা জানাচ্ছেন, দর্শকের জন্য অপেক্ষা করছে আরো কিছু বিশেষ চমক। চিত্রনাট্য ও সংলাপ করেছেন নাজিম-উদ-দৌলা ও ভিকি জাহেদ। সিনেমাটোগ্রাফি করেছেন বিদ্রোহী দীপন।

চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অন্ধ বালক। এটি মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে চরকিতে। এটি চরকির দ্বিতীয় ফ্ল্যাশ ফিকশন।