মঙ্গলবার দীপ্ত প্লেতে স্ট্রিমিং শুরু হয়েছে ওয়েব ফিল্ম অপলাপের। পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। নাজিম উদ দৌলার রচনায় অপলাপে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বী। ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল এর প্রিমিয়ার শো। এতে অপলাপের নির্মাতা ও কলাকুশলীরা ছাড়াও দেশের বিনোদন অঙ্গনের তারকারা হাজির হয়েছিলেন। এছাড়া দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম ও অপলাপের এক্সিকিউটিভ প্রডিউসার এহসানুজ্জামান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী মুন্না ওয়েব ফিল্মটি নিয়ে তিনি বলেন, ‘অপলাপ মূলত পারিবারিক বন্ধনের গল্প। যে গল্পে সম্পর্ক আছে, বিশ্বাস আছে, বিশ্বাসঘাতকতা আছে; যা হয়ে উঠবে সবার গল্প। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ ভালোবাসাকে ঘৃণায় রূপান্তর করে।’
স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে অপলাপ।










