হেরা ফেরি নিয়ে নানা রকম হেরা ফেরি হয়ে গেল। শেষ পর্যন্ত এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু হয়েছে। অভিনয় করছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। নিরাজ ভোরার চিত্রনাট্যে হেরা ফেরি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। ফির হেরা ফেরি পরিচালনা করেন নিরাজ ভোরা। তৃতীয় সিনেমাটি নির্মিত হচ্ছে ফির হেরা ফেরির ১৭ বছর পর। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল আনিস বাজমির। কিন্তু তিনি শেষ পর্যন্ত পরিচালনা করছেন না। সিনেমা গেছে ফরহাদ সামজির হাতে। এ নিয়ে আনিসের মত হলো প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে কোনো গল্প ছিল না।
বলিউড হাঙ্গামার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আনিস। তিনি বলেন, ‘ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। তার কাছে একটা চিত্রনাট্যই শুধু ছিল। সেখানে সত্যিকার কোনো গল্প ছিল না। তিনি আমাকে যে আইডিয়া দিয়েছিলেন সেটাও জমছিল না। আমি তারপর না করে দিয়েছি।’ আনিস বাজমির কাছে সিনেমা সফল হওয়ার নীতি বা কারণ একটিই। তা হলো ভালো গল্প। তিনি বলেন, ‘ভালো গল্প, ভালো চিত্রনাট্য হলে সিনেমা হিট করবে। ব্যাপারটা এতটাই সহজ। এ কারণেই আমি আমার পরের সিনেমার চিত্রনাট্য নিয়ে অনেক বেশি সময় দিচ্ছি।’
আনিস বাজমি বলিউডে বেশকিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। শুরুটা হয়েছিল অ্যাকশন ও রোমান্টিক ধারায়। অজয় দেবগনের সঙ্গে নির্মাণ করেছিলেন হালচাল ও পেয়ার তো হোনা হি থা। এরপর দিওয়ানগি ছিল রহস্য ধারার। ২০০৭ সালে ওয়েলকাম দিয়ে তার সিনেমার ধারা বদল হয়। এরপর আসে সিং ইজ কিং, নো প্রবলেম, থ্যাংক ইউ, রেডি ওয়েলকাম ব্যাক। প্রতিটি সিনেমাই ব্যবসাসফল। এর মধ্যে রেডি ও ওয়েলকাম এখনো দর্শকপ্রিয়। সর্বশেষ আনিস নির্মাণ করেছেন ভুল ভুলাইয়া টু। মন্দার বলিউডে সেটিও ভালো করেছে।
এদিকে হেরা ফেরিতে অক্ষয়, সুনীল শেঠি ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলছেন দর্শকরা। অন্যদিকে সিনেমার পরিচালক ফরহাদ সামজি হওয়ার কারণে থাকছে দ্বিধাও। ফরহাদের আগের সিনেমাগুলো নিয়ে দর্শকরা সন্তুষ্ট নন। সম্প্রতি সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমার একটি গান প্রকাশ হওয়ার পর এ শঙ্কা আরো বেড়েছে। এরপর আনিসের কথা মতো সিনেমায় যদি ভালো গল্প না থাকে, তাহলে হেরা ফেরির পুরনো ভালোলাগা টিকে থাকবে না।
এ নিয়ে আনিস বাজমি আরো একটি তথ্য দিয়েছেন। সিনেমাটিতে অক্ষয় কুমারের অভিনয় করার ইচ্ছা ছিল না। তিনি বলেন, ‘শুনছি সিনেমার শুটিং শুরু হয়েছে। এ চিত্রনাট্যে অক্ষয়ের কাজ করার কোনো ইচ্ছা ছিল না। তিনি কেন অভিনয় করছেন, তা জানি না।’ আনিসের কাজ না করার পেছনে আরেকটি কারণ, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে তিনি আগের সিনেমার টাকা এখনো পাননি। তবে আনিস বলছেন, গল্প ভালো হলে বিষয়টি তিনি পাত্তা দিতেন না।
গল্পের জন্য নিজেকে তৈরি করছেন আনিস। তিনি গল্পই তৈরি করছেন। কেননা আনিস মনে করেন, বর্তমানে বলিউড ভালো গল্পের অভাবে ভুগছে। গল্প নিয়ে ভিন্ন এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভালো গল্প তৈরি করার প্রয়োজন আছে। গল্প ভালো হলে ভালো নির্মাণ সম্ভব।’ আনিস বাজমি তার নতুন সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি জানান, এ সিনেমায় শহীদ কাপুর অভিনয় করবেন। এ মাসের মধ্যেই চিত্রনাট্য তৈরি হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
ছবি ও সূত্র: বলিউড হাঙ্গামা










