দেশের জনপ্রিয় নাট্যসংগঠন স্বপ্নদল। তারা বছরজুড়েই বিভিন্ন নাটকের আয়োজন করে থাকে। জাহিদ রিপন এ নাট্যদলের একাধিক নাটকে নির্দেশনা দিয়ে আসছেন। এবার তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রুপদী ‘অচলায়তন’ নির্দেশনা দিতে। এ প্রযোজনায় বাংলাদেশ ও ভারতের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করছেন। মেলবোর্নের অন্যতম নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে নাটকটির নির্দেশনা দিতে আগামীকাল রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন জাহিদ রিপন। 

এ নিয়ে তিনি বলেন, ‘অচলায়তনের প্রাথমিক মহড়াসহ অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে নয় হাজার মাইল দূরত্বে থেকে অনলাইনে। আর এখন চূড়ান্ত ব্লকিং, সংলাপ-সংগীত-কোরিওগ্রাফি প্রভৃতির সমন্বয়, নিয়মিত মহড়া ও পরিশীলনের কাজ চলবে। সবশেষে কারিগরি মঞ্চায়নসহ ২৯ ও ৩০ জুলাই মেলবোর্নের চান্দলার মিলনায়তনে অচলায়তনের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’

জাহিদ রিপন তার ২০ দিনের অস্ট্রেলিয়া সফর নিয়ে আরো জানান, নাটকটি মঞ্চায়নের আগে ১৬ জুলাই মেলবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইটি ও বাংলা সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে ‘সমকালে রবীন্দ্র নাট্যচর্চা: মঞ্চায়ন ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা হতে যাচ্ছে। 

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর জাহিদ রিপন দীর্ঘদিন ধরে নির্দেশক, সংগঠক, অভিনেতা, গবেষক, নাট্য ও মূকাভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি ২৮টি দর্শকনন্দিত নাট্যপ্রযোজনার নির্দেশনা দিয়েছেন। জাহিদ রিপন কর্মমুখর নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। একই সঙ্গে তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক গবেষণা ও তথ্যবিষয়ক সম্পাদক।