দক্ষিণ এশীয় কনটেন্টে বিশ্বের বৃহত্তম ওটিটি প্লাটফর্ম জি ফাইভ গ্লোবালে আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে মোশাররফ করিম ও নাজিয়া হক অর্ষা অভিনীত বাংলাদেশী এক্সক্লুসিভ ড্রামা ‘দ্য ব্রোকার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এরই মধ্যে জি ফাইভ গ্লোবালে মুক্তি পেয়েছে এর ট্রেলার। গল্পটি একজন ব্রোকার তথা দালালের জীবনের, যার মেয়ে দুর্লভ হূদরোগে আক্রান্ত হয়। সন্তানের এ অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট ও সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই দ্য ব্রোকারে প্রতিফলিত হয়েছে। নাটক নিয়ে মোশাররফ করিম বণিক বার্তাকে বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয়, আমার কাজ নিজেই কথা বলে। আমি দ্য ব্রোকারের ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। দ্য ব্রোকার মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া ও তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’
জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য এক্সক্লুসিভের একটি নতুন ধারা তৈরি করছি। এ ধারায় নির্মিত প্রথম এক্সক্লুসিভ ড্রামা হচ্ছে দ্য ব্রোকার, যেখানে কাজ করেছেন জনপ্রিয় শিল্পীরা। আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভের মধ্যে মাইনকার চিপায়, যদি কিন্তু তবুও এবং লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এ ড্রামাও বাংলাদেশসহ সারা বিশ্বে সমানভাবে সাড়া ফেলবে।’










