আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে হলিউডের নতুন সিনেমা ‘বারবি’। ২০২২ সালের এপ্রিলে টুইটারে প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকের উন্মাদনা চলছে। আমাদের দেশের বারবি ভক্তরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি নিয়ে। ওয়ার্নার ব্রাদার্সের বারবি নিয়ে আমাদের দেশের মানুষের অপেক্ষার অন্যতম একটি কারণ এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত অভিনেতা রমজান মিয়া। এছাড়া আরো একটি চমক হচ্ছে গতকাল সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালীর এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রমজান। দেশের ইতিহাসে কোনো হলিউডি সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘বারবির মতো আলোচিত একটি সিনেমায় বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। বারবির প্রিমিয়ারে সে অভিনেতাকে আমরা হাজির করছি, এটা একটা চমক।’

বারবি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। এর মূল দুই চরিত্রের মধ্যে বারবির ভূমিকায় মার্গো রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে দেখা যাবে। অঞ্চলভেদে সিনেমায় ভিন্ন কেইনকে দেখা যাবে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।

তার বাবা কুদ্দুস মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান, সেখানেই জন্ম রমজানের। কুদ্দুস মিয়া লন্ডনে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেন। ছোটবেলা থেকেই বাবার নাটকেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করতেন রমজান। সিনেমাটির প্রিমিয়ার শো উপলক্ষে দেশে এসেছেন এ অভিনেতা। এরই মধ্যে সিলেটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন হলিউডের এ অভিনেতা। সিলেট ভ্রমণের কিছু ভিডিও চিত্র বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন রমজান।

রমজান মডেলিং ও অভিনয় গুণে ব্রিটিশ বাংলাদেশীদের মধ্যে বেশ নাম কুড়িয়েছেন। কাজের ধারাবাহিকতায় সুযোগ পেয়েছিলেন লন্ডন ফ্যাশন উইকে অংশ নেয়ার। রমজানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গোস্ট স্টোরিজ। লিগ্যাসি, নাকাসহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।