ঈদের আগেই পূর্ণিমা বলেছিলেন আপাতত কিছুদিন অভিনয়ে বিরতি দিতে চান। ঈদের আগেও অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো নতুন কাজ করেননি। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। এরপর পূর্ণিমাকে অভিনয়ে পাওয়া যায়নি। ফিরছেন কিনা জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। অনেকেই স্ক্রিপ্ট পাঠাতেও চেয়েছিলেন। কিন্তু আমিই না করেছি যে আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি। ধরা যায় এখনো আমি সে বিরতির মাঝেই আছি।’

অভিনয় থেকেই বিরতি নিচ্ছেন পূর্ণিমা। এছাড়া স্টেজ শো ও অন্যান্য প্রোগ্রামে তিনি নিয়মিতই থাকছেন। এ অভিনেত্রী বলেন, ‘‌ স্টেজ শো আমি নিয়মিত করে যাই।’ স্টেজ শোর পাশাপাশি পূর্ণিমাকে উপস্থাপনায়ও দেখা যায়। একটি রান্নার অনুষ্ঠান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেসব থেকে দূরে থাকছেন না পূর্ণিমা।

এদিকে আজ পূর্ণিমার জন্মদিন। তিনি জানালেন জন্মদিন নিয়েও বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। অনাড়ম্বরভাবেই কাটাতে চান এবারের জন্মদিন। এ নিয়ে তিনি বলেন, ‘‌এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই। যথারীতি পরিবারের সঙ্গেই কাটবে সময়। কোথায় কাটবে, কীভাবে কাটবে তা আর বিস্তারিত নাইবা বলি।’ বোঝাই যাচ্ছে পূর্ণিমা আসলে কিছুদিন নিজের মতো থাকতে চান। খুব একটা আলোচনায় এ মুহূর্তে আসতে চাইছেন না। তবু দর্শক ও ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘‌শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। পরিবারের সঙ্গেই যেন সুন্দর সময় কাটে।’ পূর্ণিমা জানেন দর্শক ও ভক্তরা তার নতুন কাজের অপেক্ষায় থাকেন। তাদেরও নিরাশ করেননি। তিনি বলেন, ‘‌আর নতুন কোনো কাজ করলে অবশ্যই আমার দর্শক ভক্তরা জানতে পারবেন।’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়। সে থেকে আজ পর্যন্ত তিনি ব্যবসাসফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় উপস্থাপনা দিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন। পূর্ণিমার মতে, তার প্রথম ব্যবসাসফল সিনেমা ‘যোদ্ধা’। তিনি কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।