বিভিন্ন গবেষণায় দেখে গেছে বিশ্বে ক্রমাগত কমছে বাঘের সংখ্যা। ১০০ বছর আগেও বিশ্বে এক লাখের মতো বাঘের বসবাস ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বনাঞ্চল ধ্বংস, কালোবাজারি ও চোরাকারবারিদের দৌরাত্ম্যে বাঘ হত্যাসহ বিভিন্ন কারণে এ সংখ্যা কমছে। বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকে উৎসাহিত করতে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব বাঘ দিবসের সূচনা হয়। বাঘ রয়েছে এমন ১৩টি দেশে প্রতি বছরের ২৯ জুলাই ‘বিশ্ব বাঘ দিবস’ পালন করা হয়।

দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘেদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর।

‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’—শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শিশুদের জন্য ভিডিওটিতে তিশা ও হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘেদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এ সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে।

এছাড়া বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেজে। যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।