করণ জোহরের সঙ্গে একটি মাত্র ছবিতে
কাজ করেছেন সালমান খান। সেই ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পর আবারো একত্র হচ্ছেন
তারা। তবে এবার করণের ভূমিকা প্রযোজকের। আর এর মাধ্যমে খোলাসা হয়েছে সালমান খানের ছোট
চুলের রহস্য।
সম্প্রতি এ অভিনেতাকে ছোট চুলে দেখা
যাওয়ায় বলা হচ্ছিল, ‘তেরে নাম টু’ আসতে যাচ্ছে। এছাড়া নানা ধরনের অনুমান ছড়িয়ে পড়ে
ভক্তদের মাঝে।
শোনা যাচ্ছে, সালমানের জন্য করণের সিনেমাটি
পরিচালনা করবেন ‘শেরশাহ’-খ্যাত বিষ্ণু বর্ধন। ছবিটি নভেম্বরে শুটিং ফ্লোরে যাবে ও আগামী
বছরের বড়দিনে মুক্তি পাবে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়,
বিষ্ণু বর্ধনের আগের সিনেমার মতো এবারও প্রেক্ষাপট সেনাবাহিনী। সেখানে সেনা কর্মকর্তার
চরিত্রে থাকছেন সালমান খান। সে কারণে আর্মি কাটে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
প্রতিবেদনে বলা হচ্ছে, ইন্ডিয়ান সেনা
কর্মকর্তাদের শরীরের নির্দিষ্ট গড়ন রয়েছে। চলচ্চিত্রের জন্য নিখুঁত শারীরিক গঠন অর্জনে
বর্তমানে অনুশীলন করছেন সালমান।
একটি সূত্র জানায়, ছবিটিতে সেনা কর্মকর্তার
চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত এ অভিনেতা।
নাম ঠিক না হওয়া সিনেমাটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করতে পারে ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিক্যুয়েল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সম্প্রতি
ঘোষণা আসা এ সিনেমার বিভিন্ন চরিত্রে থাকছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি
ও সুনীল শেঠি।










