ঈদের নাটকের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ পেল বিশেষ নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এ প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান। ৮ এপ্রিল গীতিকার, প্রযোজক মো. জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ নাটকটি প্রকাশ হয়েছে।

নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এর আগেও ইয়াশ ও তটিনীকে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ইয়াশ তটিনীর বউয়ের বিয়ে নাটকটি। নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস রঙ্গনে প্রকাশিত আবীর ছোঁয়া নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। এরই মধ্যে নাটকটি আলোচনায় এসেছে। তাছাড়া ইয়াশ ও তটিনী দর্শক মহলেও দারুণ গ্রহণযোগ্যতা আছে। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ থাকে তাদের নিয়ে নাটক নির্মাণের। যেমনটা রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল ভাইয়েরও আছে। তার আগ্রহেই ইয়াশ তটিনীকে নিয়ে আবীর ছোঁয়া নির্মাণ করেছি। আশা করছি নাটকটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলবে।’ জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী এরই মধ্যে জুটি হিসেবে প্রতিষ্ঠিত। তাদের নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে আবীর ছোঁয়া নির্মাণের প্রধান কারণ গল্প, দ্বিতীয় কারণ ইয়াশ তটিনী জুটি, তৃতীয় কারণ রুবেল হাসান। আশা করছি আবীর ছোঁয়া দর্শকের মধ্যে আরো সাড়া ফেলবে। কারণ এরই মধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।’ এছাড়া ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে রঙ্গনে আরো প্রকাশ হয়েছে ডলি সায়ন্তনীর গান ‘এই জামানার মেয়ে’, রাফাত মজুমদার রিংকুর নাটক ‘স্বপ্নের শেষ ঠিকানা’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘হতাহতের ঘটনা ঘটেনি’ ইত্যাদি।