প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাদের নতুন সিনেমাটির নাম ‘খোয়াব’। নির্মাণ করছেন নির্মাতা আবুল খায়ের চাঁদ। সিনেমার গল্পে এক সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ। বুধবার এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। একটানা কাজ করে শেষ করা হবে এর চিত্রায়ণ।
সিনেমাটি নিয়ে পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘খোয়াব একটি অ্যান্থোলজি সিনেমার অংশ। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে। এর মূল নাম ‘‘জীবন জুয়া’’। তিনটি সিনেমার একটি হলো খোয়াব। সেখানেই আদর-ববি অভিনয় করছেন। কেবল কাজ শুরু করলাম, তবে শুরুতেই তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে।’ আবুল খায়ের জানান, সিনেমাটি আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি দর্শকদের নতুন কিছু দেয়ার আশাবাদ প্রকাশ করেছেন।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সে স্বপ্ন পূরণ করতে এসে হয় নানা পরিবর্তন। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন আগের সিনেমাগুলোয় ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’
আদরের চেয়ে ইয়ামিন ববি অনেক সিনিয়র অভিনেত্রী। তিনি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’
‘খোয়াব’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন সাঞ্জু জন, সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।










