বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত দুই মুখ আফজাল হোসেন ও ডলি জহুর। নিয়মিত অভিনয় করছেন দুজনেই, তবে একসঙ্গে এ দুই তারকাকে দেখা গেছে ৪০ বছর আগে। আশির দশকের শেষ দিকে প্রয়াত নির্মাতা আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হতো জনপ্রিয় নাটক ‘সুখের উপমা’। এ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সে সময় তাদের দুজনের অভিনয় দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছিল। এরপর ৪০ বছর পার হয়ে গেলেও পর্দায় একসঙ্গে দেখা যায়নি এ দুই তারকাকে। নতুন খবর হলো ফের একসঙ্গে দেখা যাবে তাদের। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিশেষ নাটকে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘আবার আসিবো ফিরে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। 

রাজবাড়ীতে এরই মধ্যে এ নাটকের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান আফজাল হোসেন ও ডলি জহুর। নাটক প্রসঙ্গে জানতে চাইলে ডলি জহুর বলেন, ‘এটি একটি প্রতীকী নাটক। গল্পটা এককথায় অসাধারণ। অনিমেষ যেমন দারুণ গল্প লিখেছে, তেমনি অনেক মনোযোগ দিয়ে বৃষ্টির মধ্যে কষ্ট করে নাটকটির কাজ শেষ করেছে। দীর্ঘদিন পর আফজালের সঙ্গে কাজ করেছি। সর্বশেষ তার সঙ্গে অর্থাৎ তার বিপরীতে আমি সুখের উপমা নাটকে অভিনয় করেছিলাম। সে নাটকে আমার ও আফজালের অভিনয়ের রসায়ন ছিল দুর্দান্ত। দীর্ঘদিন পর একসঙ্গে নাটকে অভিনয় করতে এসে অনেক স্মৃতিই মনে পড়ছিল বারবার। আবার আসিবো ফিরে নাটকে আফজাল অভিনয় করেছে একজন শিক্ষকের চরিত্রে। আমি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে কাজটি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

নাটকটি নিয়ে আফজাল হোসেন বলেন, ‘সব মিলিয়েই নাটকটি খুব ভালো হলো। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনেক কষ্ট করে কাজটি ভালোভাবে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভালো হয়েছে। ডলি ভাবির সঙ্গে সেই আশির দশকের শেষ দিকে একসঙ্গে সুখের উপমা নাটকে কাজ করেছিলাম। এরপর আসলে সেভাবে কাজ করা হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবে বহুকাল পর কাজ করতে এসে অনেক কিছুই মনে পড়ে যায়। মনে পড়ছিল আতিক ভাইয়ের কথা, খুব সুন্দর ছিল সুখের উপমা নাটকটি।’ নাটকটি প্রচার বিষয়ে জানতে চাইলে আফজাল হোসেন জানান, ১৫ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ‘আবার আসিবো ফিরে’ নাটকটি প্রচার হতে যাচ্ছে।

বর্তমানে আফজাল হোসেন ও ডলি জহুর দুজনেই নিয়মিত অভিনয় করছেন। আফজাল হোসেন নাটক-সিনেমার পাশাপাশি ওটিটির কনটেন্টে নিয়মিত কাজ করছেন। মুক্তির অপেক্ষায় আছে আফজাল হোসেন অভিনীত দুই সিনেমা। 

সিনেমা দুটি হচ্ছে সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ ও ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘অপরাজেয়’। দুটি সিনেমায়ই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালনায়ও নাম লিখিয়েছেন আফজাল হোসেন। তার পরিচালিত ‘‌মানিকের লাল কাঁকড়া’ মুক্তি এখন সময়ের অপেক্ষায়। সিনেমাটিতে আফজাল হোসেনসহ আরো অভিনয় করেছেন সোহানা সাবা ও ফেরদৌস আহমেদ।

অন্যদিকে, ডলি জহুরও চলতি বছর প্রথমবারের মতো টেলিফিল্ম পরিচালনা করেছেন। টেলিছবির নাম ‘দাঁড়কাক’। এতে অভিনয় করেছেন তানজিকা আমিন ও আশাজ জোবায়ের। বেসরকারি টেলিভিশনে টেলিছবিটি প্রচারের পর পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন ডলি জহুর।