আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় চলছে শিল্পী নবরাজ রায়ের ‘অন্তহীন রহস্যের প্রতিফলন’ শীর্ষক প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিল রঞ্জন পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনও উপস্থিত ছিলেন। 

শিল্পের প্রতি আকর্ষণের সূচনা পর্ব নিয়ে জানতে চাইলে শিল্পী নবরাজ রায় জানান, শৈশব থেকেই তিনি প্রকৃতিতে পাওয়া রূপের নান্দনিক বৈচিত্র্যের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হন। এ বৈচিত্র্যই তাকে নতুন আকৃতি ও রূপ তৈরিতে অনুপ্রাণিত করে। নগর ও গ্রামীণ জীবনের রূপ, কাঠামো, দৃশ্য ও সময়ের দ্বন্দ্ব তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। এগুলোর পাশাপাশি সময় ও সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে জীবনযাত্রার পরিবর্তন শিল্পীর মনে গভীর ছাপ রেখেছে।

নিজের শিল্পকর্ম নিয়ে বর্তমান ভাবনা নিয়ে তিনি জানান, বর্তমান সময়ে এসে শিল্পী যখন চিত্রের জগতে সহজাতভাবে আকার এবং ফর্ম তৈরি করেন, তখন এ সবকিছুই তার চিন্তাভাবনাকে প্রসারিত করতে সহায়তা করে। এগুলোর মাধ্যমে তিনি শিল্পকর্মে নিজের ছাপ তৈরির চেষ্টা করেন। 

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার এ প্রদর্শনীতে ২৫টি শিল্পকর্ম রয়েছে যাতে রয়েছে অ্যাক্রেলিক, জলরঙ এবং মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং তিনটি ভাস্কর্য যা নবরাজের শৈল্পিক যাত্রার উজ্জ্বলতা প্রদর্শন করে৷ প্রদর্শনীটি চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার থেকে শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের একজন প্রাক্তন ছাত্র, নবরাজ রায়। তিনি ২০১৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন, চিত্রকলায় বিশেষীকরণ করে ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ) ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সাফল্যের সঙ্গে চিত্রকলায় মাস্টার অব ফাইন আর্টস (এমএফএ) সম্পন্ন করেছেন। নবরাজ রায়ের শিল্পপ্রেম তাকে বেশকিছু মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে রয়েছে এসএম সুলতান ফাউন্ডেশন পুরস্কার ২০২০ এবং বাংলাদেশে মাউন্ট ফুজি পেইন্টিং প্রদর্শনী ২০১৯ থেকে বিশেষ পুরস্কার।