হরর-কমেডি ধারার তামিল সিনেমা ‘‌চন্দ্রমুখী টু’। ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি হিন্দি ও তেলেগু দুই ভাষায়ই মুক্তি পেয়েছে। তামিল সিনেমাপ্রেমীদের সিনেমা হলে টানতে সক্ষম হয়েছে এ সিনেমা। তার সঙ্গে যুক্ত হয়েছে সরকারি ছুটি। ঈদে মিলাদুন্নবী ও গণপতি বিসর্জনের ছুটিসহ লম্বা ছুটি চলছে। আর ছুটির দিন মানেই তো বিনোদন। সিনেমা দেখা। ফলে শুরুটা ভালোই হয়েছে কঙ্গনা রানাওয়াত ও রাঘব লরেন্স অভিনীত সিনেমাটির। প্রথমদিনে বক্স অফিসে ৭ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে চন্দ্রমুখী টু। প্রথম দিনে তামিলনাড়ুতে ৫১ দশমিক ৯০ শতাংশ দর্শক সিনেমাটি দেখেছে। আর তেলেগুভাষী রাজ্যগুলোয় ৪২ দশমিক ৬৫ শতাংশ দর্শক টানতে সক্ষম হয়েছে চন্দ্রমুখী টু। সে তুলনায় হিন্দিভাষী অঞ্চলে শুরুটা তেমন ভালো হয়নি এ সিনেমার। এসব অঞ্চলে প্রথম দিনে মাত্র ১২ দশমিক ৭৭ শতাংশ দর্শক সিনেমাটি দেখেছে।

চন্দ্রমুখী টুর মাধ্যমে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ক্যারিয়ারের সুদিন ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। তাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২২ সালের ২০ মে মুক্তি পাওয়া ধাকড় সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। মাত্র ৩ দশমিক ৭৭ কোটি রুপি আয় করেছিল ধাকড়। কঙ্গনা অভিনীত থালাইভি, পাঙ্গা ও জাজমেন্টাল হ্যায় কিয়া সিনেমাগুলোও ভালো ব্যবসা করতে পারেনি। সব মিলিয়ে অভিনয় ক্যারিয়ারে মন্দা সময় কাটাচ্ছিলেন এ অভিনেত্রী। পি বসু পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার মাধ্যমে সম্ভবত ক্যারিয়ারের এ খরা ঘুচাতে যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। এক সাক্ষাৎকারে তিনি এ সিনেমা প্রসঙ্গে বলেন, ‘আমি আসল চন্দ্রমুখী। সে কে ও কীভাবে ভূত হয়ে যায়, তাই সিনেমাটিতে দেখানো হয়েছে।’ তিনি আরো জানান, এ সিনেমার ক্লাইম্যাক্স দর্শকের জন্য এক দারুণ উপভোগ্য মুহূর্ত হয়ে থাকবে। 

চন্দ্রমুখী টু সিনেমায় কঙ্গনা রানাওয়াতের সঙ্গে পর্দা ভাগ করেছেন রাঘব লরেন্স।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস