ফের পেছানো হলো অন্তর্জালের মুক্তি। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি প্রথমে মুক্তির কথা ছিল ঈদুল আজহায়। এরপর তা পিছিয়ে এ মাসে আনা হয়। কিন্তু সর্বশেষ জানানো হলো এ মাসেও মুক্তি পাচ্ছে না সিয়াম ও মিম অভিনীত সিনেমাটি। দীপংকর দীপন জানিয়েছেন সিনেমাটি মুক্তি দেয়া হবে আগামী ৮ সেপ্টেম্বর। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়, ‘‌বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে আসার কথা ছিল। সেই সঙ্গে কথা ছিল একই সঙ্গে অনেক দেশে মুক্তি পাওয়ার। শেষ সপ্তাহে আমরা সে জায়গা থেকে সরে আসি দুটি কারণে ১. আমরা চেয়েছি সব সিনেমা ব্যবসা করুক ২. বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। বৃহত্তর স্বার্থ চিন্তা আমাদের পরিবেশক ও অন্য পার্টনাররা ক্ষতি স্বীকার করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।’

এসব কিছুর সঙ্গে জানানো হয় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। নির্মাতারা যদিও বলছেন সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দেয়া হবে, সেখানেও থাকছে কিছু সন্দেহ। কেননা জুলাইয়ে বাংলাদেশে ওপেনহাইমার মুক্তির কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সে কারণেই পেছানো হয়েছে অন্তর্জাল। কিন্তু সেপ্টেম্বরে শাহরুখ খানের জওয়ান মুক্তির সম্ভাবনাও ফেলে দেয়া যাচ্ছে না। সে অবস্থায় সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও ফের পেছাতে পারে অন্তর্জালের মুক্তি।

তবে দীপংকার দীপন আশাবাদী। তার মতে, ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ও অন্তর্জাল একটি ট্রিলজি, তা তিনি একটি বড় ক্যানভাসে নির্মাণ করতে চেয়েছেন। এর মধ্যে প্রথম দুটি সিনেমা দর্শক সাদরে গ্রহণ করেছে। নির্মাতারা মনে করেন অন্তর্জালও দর্শক গ্রহণ করবে। এছাড়া ঈদুল আজহায় প্রিয়তমা ও সুড়ঙ্গের প্রতি দর্শকের আগ্রহ লক্ষ করে তিনি বলেন, ‘‌এবার ঈদে বাংলা সিনেমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সে ভালোবাসায় সিক্ত হতে চাই আমরা। একবার সিনেমা হলে আসুন, অন্তর্জাল সিনেমাটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের যদি মনে হয় আমরা একটা স্মার্ট সিনেমা বানাতে পেরেছি, তাহলে অন্যকে দেখতে উৎসাহিত করুন।’