মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমাটির মূল ভাবনা প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের। সিনেমাটি পরিচালনা করেছেন হৃদি হক। সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে এ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়া এবং শিক্ষার্থীদের সংস্কৃতিবান্ধব করার লক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের জন্য সিনেমাটির সাতটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ আয়োজন চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজনটি করেছেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

মঙ্গলবার বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের পক্ষ থেকে আফজাল হোসেন বলেন, ‘‌স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাত দিনব্যাপী এ সিনেমা দেখার আয়োজনের লক্ষ্য, যেন শিক্ষার্থীরা সুনির্মিত চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সুস্থ ধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা অনুভব করে ও মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে ধারণ করে।’

বিশেষ প্রদর্শনীর বিষয়ে হৃদি হক বলেন, ‘‌ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের এমন এক উদ্যোগ গ্রহণে আমরা আনন্দিত। এ ধরনের বিশেষ উদ্যোগ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে দেবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পুরো টিমের পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’ এ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।