‘বুবুক’ প্রকাশ করতে চলেছে ইফতেখার আনোয়ার সম্পাদিত বাংলাদেশের লোকসংগীতবিষয়ক একটি প্রকাশনা ‘ফোক মেলোডি অব বাংলাদেশ’। বইটি প্রায় এক দশকব্যাপী গবেষণা প্রকল্পের ফলাফলগুলোর একটি সমন্বিত প্রামাণ্যলিপি। এর উদ্দেশ্য বাংলাদেশের লোকসংগীতের ঐতিহ্যকে মূলগতভাবে অনুসন্ধান ও অনুধাবন করা এবং চিরায়ত বাংলার এ লোকসংগীতকে তাদের শুদ্ধতমরূপে নথিভুক্ত করে বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপন করা। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আ লা গ্যালারিতে বইটির প্রাক-প্রকাশনা আলোচনা সভা এবং মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। মহান গীতিকবি ও সুরস্রষ্টা রাধারমণ দত্ত, হাসন রাজা, উকিল মুন্সী, কালুশাহ ফকির, আলেপচাঁন দেওয়ান, ওসমান খান, বখত শাহ চিশতী, মহেশচন্দ্র রায়, একেএম আব্দুল আজিজ এবং আরো অনেক গীতিকবির বংশধর উপস্থিত থাকবেন। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন, কিংবদন্তি লোকশিল্পী আরিফ দেওয়ান, লোকগান গবেষক হাসন রাজার প্রপুত্র শামরিন দেওয়ান এবং উত্তরবঙ্গের সংগীত বিশেষজ্ঞ ড. জেসমিন বুলি। পরিকল্পনা অনুযায়ী বইটি আগামী ডিসেম্বরে প্রকাশ হবে।

বইটি সম্পর্কে ইফতেখার বলেন, ‘ভেবেছিলাম কাজটি এক সপ্তাহের মধ্যেই শেষ করব কিন্তু সম্পন্ন করতে নয় বছর পার হয়ে গিয়েছে, যা-ই হোক, অনেক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় তা সম্পন্ন করতে পেরেছি। সব শুভানুধ্যায়ীকে একান্ত ধন্যবাদ জানাতে চাই, যারা এ অসাধারণ যাত্রায় সাহায্য করেছেন ও অংশ নিয়েছেন। আমি বিশ্বাস করি, বইটির মাধ্যমে বিশ্বের এ অংশের লোকগীতির অনাবিষ্কৃত অমূল্য সম্পদটি বিশ্ব অনুভব করবে।’

বইটিতে ২১০টিরও অধিক লোকগানের মৌলিক সুরের স্টাফ নোটেশন ও ফোনেটিক্যাল ট্রান্সক্রিপশন, মূল বাংলা বাণী এবং তাদের ইংরেজি অনুবাদসহ সুরকার ও গীতিকারদের বিশদ বিবরণ সংযুক্ত করা রয়েছে।

ইফতেখার আনোয়ারের ব্যক্তিগত উদ্যোগে ২০১৪ সালে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং উল্লেখযোগ্যভাবে দক্ষ সংগীতশিল্পী, গবেষক ও সংগীতানুরাগীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে এ যাত্রা শুরু করেন।