সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে অস্কারকে বিবেচনা করা হয়। অস্কার মনোনয়ন পাওয়া ও পুরস্কার জেতা সিনেমা, গান, ডকুমেন্টারি ইত্যাদি নিয়ে আলোচনা চলে বছরজুড়ে। সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে কাঙ্ক্ষিত রাতটির জন্য, যে রাতে নিশ্চিত হবে পুরস্কার বিজয়ীর নাম। বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দু অস্কারের এ জাঁকজমক অনুষ্ঠান বিশ্বের ঠিক কতজন মানুষ উপভোগ করে, তা নিয়েও চলে জরিপ। জরিপকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নিয়েলসেন হোল্ডিংস। প্রতি বছর অস্কার অনুষ্ঠান চলাকালীন মোট দর্শক সংখ্যার সঠিক পরিসংখ্যান তুলে ধরে নিউইয়র্কভিত্তিক এ প্রতিষ্ঠান।
রোববারের রাত ছিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার। মোট ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া সিনেমাটি সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। নিয়েলসেনের দেয়া প্রাথমিক তথ্যানুসারে, ড্যানিয়েল ভাইদের পরিচালনায় এ সিনেমার শিরোপা অর্জনের রাতে মোট ১ কোটি ৮৭ লাখ মানুষ অস্কারের প্রাণবন্ত অনুষ্ঠান উপভোগ করেছেন। সে হিসাবে ২০২২ সালের তুলনায় ১২ শতাংশ বেশি মানুষ দেখেছে অনুষ্ঠানটি। ১৮ থেকে ৪৯ বছর বয়সী দর্শকদের রেটিং এবার চার। গত বছরের তুলনায় তা ৫ শতাংশ বেশি।
এবারের অস্কার দৌড়ে ছিল এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, টপ গান: ম্যাভেরিকের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত সব সিনেমা। অস্কারের দর্শক বাড়ার এটি অন্যতম কারণ। পাশাপাশি গত বছরের অস্কার আসরে সংঘটিত চড় কাণ্ড নিয়ে এ আসরে কী আলোচনা হয়, তা নিয়েও আগ্রহ ছিল দর্শকদের। উল্লেখ্য, গত বছর অস্কার অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস রকের নেতিবাচক রসিকতার প্রতিক্রিয়ায় তার গালে সপাটে চড় কষেছিলেন অভিনেতা উইল স্মিথ।
এর আগে বিভিন্ন কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর দর্শক কমে গিয়েছিল। গোল্ডেন গ্লোবের দর্শক কমেছে সবচেয়ে বেশি। তবে অস্কার নিজ গুণে টিকে আছে। নিয়েলসেন হোল্ডিংসের পরিসংখ্যান থেকে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোয় অস্কারের দর্শক সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছিল। ২০২১ সালে তা ছিল সর্বনিম্ন। মাত্র ১ কোটি ৫ লাখ দর্শক সে বছর উপভোগ করেছিল অনুষ্ঠানটি।
অস্কারের সর্বোচ্চ দর্শক সংখ্যার রেকর্ড হয়েছিল ১৯৯৮ সালে। সে বছর সেরা সিনেমার তকমা পেয়েছিল টাইটানিক। সে রাতে মোট ৫ কোটি ৫৩ লাখ মানুষ টাইটানিকের সাফল্য উপভোগ করেছিল। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয় ২০১৪ সালে। মোট ৪ কোটি ৩৬ লাখ মানুষ সে বছর অস্কার আসর উপভোগ করেছিল।
সূত্র: ভ্যারাইটি










