জেরাল্ট অব রিভিয়া আবার ফিরে আসছে। এরই মধ্যে নেটফ্লিক্স প্রকাশ করেছে ‘উইচার সিজন থ্রি’র ফার্স্ট লুক। সিডি প্রজেক্ট রেডের ভিডিও গেম থেকে নির্মাণ হলেও সিরিজটি সবার প্রিয়। এছাড়া আন্দ্রেই স্যাপকোনস্কির উপন্যাসও আছে এ নামে। সিরিজের প্রথম তিন সিজন এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এবার আসছে চতুর্থ সিজন। নেটফ্লিক্স জানাল, আগামী ৩০ অক্টোবর মুক্তি পাবে চতুর্থ সিজন। এ সিজনেই কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হচ্ছে লিয়াম হেমসওয়ার্থের।

সিরিজটির শুরু থেকে জেরাল্ট অব রিভিয়া চরিত্রে অভিনয় করেছিলেন হেনরি ক্যাভিল। এরপর প্রথম থেকে তৃতীয় সিজন পর্যন্ত সিরিজে অভিনয় করেন তিনি। ২০২২ সালে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যাচ্ছেন। তার জায়গাটি নিচ্ছেন লিয়াম হেমসওয়ার্থ।

ক্যাভিল লিখেছিলেন, ‘জেরাল্ট অব রিভিয়া হিসেবে দানব আর অ্যাডভেঞ্চারের সঙ্গে আমার যাত্রা দারুণ ছিল। তবে চতুর্থ সিজনের আগেই এ যাত্রা শেষ করছি। আমার জায়গাটি এবার মিস্টার লিয়াম হেমসওয়ার্থ নেবেন।’

মজার ব্যাপার হলো চতুর্থ সিজনের ফার্স্ট লুকে লিয়ামকে দেখতে অনেকটা ক্যাভিলের মতোই লাগছে। এ সিজনের লগলাইনে লেখা হয়েছে, ‘সিজন তিনে অনেক হিসাব-নিকাশ বদলে দেয়ার পর জেরাল্ট, ইয়েনেফার ও সিরি একটা যুদ্ধের মধ্য দিয়ে আলাদা হয়ে যাবে। তাদের পথ আলাদা হলেও গন্তব্য আরো নিশ্চিত হয়ে ওঠে। নতুন যাত্রায় তারা নতুন মিত্রদের সঙ্গে কাজ করবেন। তাদের মেনে নিয়ে নতুন একটি পরিবারও তৈরি হবে। তারা বুঝবেন নিজেদের খুঁজে পাওয়ার আনন্দ।’

চতুর্থ সিজন মূলত উইচারের গন্তব্য নির্দেশক হবে। কেননা সিরিজটি পঞ্চম সিজনেই শেষ হয়ে যাবে। মূলত তিনটি উপন্যাস ‘ব্যাপটিজম অব ফায়ার’, ‘দ্য টাওয়ার অব দ্য সোয়ালো’ ও ‘লেডি অব দ্য লেক’ অবলম্বনে নির্মাণ হয়েছে শেষ দুটি সিজন। পরপর শুট করে এরই মধ্যে দুই সিজনের শুটিং শেষ করা হয়েছে।

সিরিজের নির্মাতা ও শো-রানার স্মিড হ্যারিশ বলেন, ‘এটা হতে যাচ্ছে দুই সিজনের যাত্রার শুরু, যা মূলত এ সিরিজকে গন্তব্যে নিয়ে যাবে। যেখানে আমরা একটা পরিবারকে একত্র হতে দেখব এবং আশা করতে পারব যে তারা একত্রই থাকবেন।’ সূত্র: ভ্যারাইটি