হলিউডে গরমের মৌসুমে একইসঙ্গে ঝড় তুলেছে
দুই সিনেমা- মার্গট রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বারবি’ এবং কিলিয়ান
মারফি, রবার্ট ডাউনি জুনিয়র, ফ্লোরেন্স পাগ ও এমিলি ব্ল্যান্ট অভিনীত ‘ওপেনহাইমার’।
দুই সিনেমা মিলিয়ে বক্স অফিসে ঢুকেছে প্রায়
১২৫ কোটি ডলার। অর্থের অঙ্ক বিশাল হলেও এখনো লাভের ঘরে পৌঁছাতে পারেনি ক্রিস্টোফার
নোলান নির্মিত আলোচিত বায়োপিকটি।
বক্স অফিস মোজো অনুসারে, গ্রেটা গারউইগ
পরিচালিত ‘বারবি’র সাড়ে ১৪ কোটি
ডলার বাজেট বিবেচনায় ৩৫-৩৬ কোটি ডলারেই ব্রেকইভেনে নাম লেখানোর কথা। আর দুই সপ্তাহের
হিসেবে সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে সাড়ে ৮৩ কোটি ডলার।
এ হিসাবে প্রায় সাড়ে ৪৮ কোটি ডলার লাভ
করেছে জনপ্রিয় পুতুল নিয়ে নির্মিত এই সিনেমা।
অন্যদিকে একই সময়ে ‘ওপেনহাইমার’ আয় করেছে
৪৩ কোটি ডলারের চেয়ে বেশি কিছু। কিন্তু এই অঙ্ক ব্রেকইভেনে যাওয়ার জন্য যথেষ্ট নয়।
শুনে একটি অবাকই হতে হচ্ছে। কারণ পারমাণবিক বোমার জনককে নিয়েও হইচই কম নয়। তবে লাভের
ঘর থেকে খুব একটা দূরেও নেই এই ছবি।
প্রতিবেদনে বলা হচ্ছে, নোলান তার উচ্চাভিলাষী
সিনেমাটি বানাতে খরচ করেছেন ১৮ কোটি ডলারের মতো। আর ব্রেকইভেনের জন্য বক্স অফিস থেকে
৪৪-৪৫ কোটি ডলারের মতো আয় প্রয়োজন। বৈশ্বিকভাবে এই আয়ের কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে
প্রশংসিত সিনেমাটি। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই ‘ওপেনহাইমার’ লাভের অঙ্কে পৌঁছে
যাবে।










