একের পর এক চমক দিচ্ছে আরআরআর। অস্কার দৌড়ে পাগলা ঘোড়ার মতোই ছুটছে রাজামৌলির সিনেমাটি। এর মধ্যেই দেশ-বিদেশে অর্জন করেছে নানা পুরস্কার। সেই সঙ্গে উড়ছেন সিনেমার অন্যতম নায়ক এনটিআর জুনিয়র। সম্প্রতি ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোবে সেরা মৌলিক গানের পুরস্কার পেল। সে আয়োজনে উপস্থিত ছিলেন আরআরআরের এ অভিনেতা। পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত তিনি। এর পরপরই প্রসঙ্গ এলে জানিয়েছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিনয়ে ইচ্ছুক তিনি।

অস্কারেও মৌলিক গান বিভাগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে নাটু নাটুর। গোল্ডেন গ্লোব পাওয়ার পর ভ্যারাইটির সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেন এনটিআর জুনিয়র। মার্ভেলে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘আমি এতে খুবই খুশি হব। এমন কিছুর জন্য অপেক্ষা করে আছি।’ এ অভিনেতা জানান, মার্ভেলে তার প্রিয় চরিত্র আয়রন ম্যান। এনটিআর জুনিয়রের ভাষায়, ‘তাকে সহজে বোঝা যায়। তিনি আমাদেরই মতো একজন। তার কোনো নিজস্ব সুপার পাওয়ার নেই। অন্য কোনো গ্রহ থেকেও আসেননি। হাল্কের মতো কোনো বৈজ্ঞানিক গবেষণার ফসলও তিনি নন।’

আয়রন ম্যান পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। বিষয়টি এনটিআর জুনিয়র নিজের সঙ্গে মিলিয়েছেন। আরআরআর সিনেমায় ভীম চরিত্রের জন্য তিনিও পরিশ্রম করেছেন। এজন্য তাকে সাত কেজি ভরের পেিশ তৈরি করতে হয়েছে। তেলেগু সিনেমার এ তারকার প্রথম জীবনের অনেক সিনেমা নিয়ে বিদ্রূপ করা হয়। সেখান থেকে তিনি নিজেকে বের করে এনেছেন। এ সময় তার হাতে নামি পরিচালকদের একাধিক সিনেমা রয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এনটিআর থার্টি’র শুটিং। সিনেমাটি ২০২৪ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সূত্র: বলিউড হাঙ্গামা