কে-পপ গ্রুপ গটসেভেনের অন্যতম সদস্য জ্যাকসন ওয়াং। র‍্যাপার হিসেবেই তিনি পরিচিত। এবার ফ্যাশন হাউজ লুই ভিতোঁর পণ্যদূত হলেন তিনি। লুই ভিতোঁ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছে। 

ফ্যাশন হাউজটি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জ্যাকসনের একটি ছবি পোস্ট করেছে। জ্যাকসন ওয়াংকে ট্যাগ ও হ্যাশট্যাগে লুই ভিতোঁ রেখে পোস্টে লেখা হয়, ‘‌বিশ্বখ্যাত এ গায়ক আমাদের নতুন হাউজ অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন। খরবটি জানাতে পেরে আমরা গর্বিত।’

লুই ভিতোঁর পণ্যদূত হওয়ার আগে জ্যাকসন ওয়াং অন্যান্য ফ্যাশন হাউজের নজরে ছিলেন। এর মধ্যে আরমানি পারফিউম অন্যতম। এছাড়া তিনি ‘‌ ফেন্ডি’র চায়না অ্যাম্বাসেডর, কার্টিয়ারের ‘‌আ ফ্রেন্ড অব দ্য হাউজ’ ও রে-ব্যানের মুখপাত্র ছিলেন। তারও আগে পেপসির সঙ্গেও কাজ করেছেন জ্যাকসন। তার নিজেরও একটি বিনোদন এজেন্সি রয়েছে। টিম ওয়াং নামে এ এজেন্সির পাশাপাশি টিম ওয়াং ডিজাইন নামে একটি ফ্যাশন ব্র্যান্ডেরও মালিক তিনি।

সংগীতের ক্ষেত্রেও ওয়াংয়ের ক্যারিয়ার বর্ণিল। গটসেভেনে একজন র‍্যাপার হওয়ার পাশাপাশি তিনি সোলো অ্যালবাম ও পারফরম্যান্সও করে থাকেন। তার প্রথম সোলো অ্যালবাম ইপি মিররস ২০১৮ সালে মুক্তি পায়। এরপর ২০২০ সালে মুক্তি পায় প্রথম স্টুডিও অ্যালবাম মিররস। ২০২২ সালের সেপ্টেম্বরে ম্যাজিক ম্যান নামে আরেকটি স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়।

লুই ভিতোঁর সঙ্গে সবসময়ই বিশ্বের সেরা তারকারা যুক্ত হয়েছেন। এর সঙ্গে যুক্ত হওয়া মানে নিজের ক্যারিয়ারেই আরেকটি সাফল্যের পালক যুক্ত হওয়া। এদিকে জ্যাকসন এ সময় তার অ্যালবাম ম্যাজিক ম্যান নিয়ে একটি ট্যুরে রয়েছেন। ইউরোপে অবস্থান করছেন তিনি। এর মধ্যে ফ্যাশন উইকে লুই ভিতোঁর মেনজ ফ্যাশন শোয়ে তিনি কালো পোশাকে হাজির হয়েছিলেন। তখন তিনি অন্য অতিথিদের মধ্যে আশার, তাইগা, সিঙ্গাপুরের গায়ক জেজে লিন ও চীনা অভিনেতা জ্যাসপার লিউর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপে ব্যস্ত ছিলেন।


সূত্র: বলিউড হাঙ্গামা