২২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আবৃত্তি সংগঠন কাব্যকুহুকের পরিবেশনায় ‘একটি বাংলাদেশ’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন হয়েছে। যার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন- আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। পরিবেশনায় ছিলেন কাব্যকুহুকের সদস্যরা।
অনুষ্ঠান পরিবেশনার পূর্বে শুভেচ্ছা বক্তব্যে সহ-সভাপতি মুত্তাকিন হাসান বলেন, ৫২’র ভাষা আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪ এর জুলাইয়ের অনুপ্রেরণায় বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে কাব্যকুহুক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
কাব্যকুহুকের সভাপতি ফারহানা তৃনা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে-আবৃত্তির মাধ্যমে এ বার্তাটি আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। দেশের শান্তি সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমরা চাই নতুন প্রজন্ম আবৃত্তি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুক।’
‘একটি বাংলাদেশ’ আবৃত্তি প্রযোজনায় ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। এ আয়োজনে দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাসকুর-ই-সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










